ইয়েমেনে চরম বিশৃঙ্খলা
ইয়েমেনের প্রধানমন্ত্রী খালিদ বাহাহর প্রধান বাসভবন ঘিরে রেখেছে দেশটির শিয়াপন্থী বিদ্রোহী গোষ্ঠী হুতির সদস্যরা। গত সোমবার গাড়িবহরে এক হামলার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়ার পর থেকে ওই বাড়িতে রয়েছেন তিনি। এসব ঘটনার প্রেক্ষাপটে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে আরব লিগ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। খবর এএফপি, বিবিসি ও আল-জাজিরার।
প্রস্তাবিত নতুন সংবিধানে ইয়েমেনকে ছয়টি কেন্দ্রশাসিত এলাকায় ভাগ করার কথা বলা হয়েছে। বিদ্রোহী হুতিরা এ পদক্ষেপকে দেশকে বিভক্ত করার ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে। এর প্রতিবাদে তারা গত রোববার প্রেসিডেন্ট আবদুরাবুহ মানসুর হাদির চিফ অব স্টাফকে অপহরণ করে।
হুতি আন্দোলনের সদস্য হুসেইন আলবুখাইতি দাবি করেন, তাঁদের ওপর আক্রমণ করার মাধ্যমে সোমবার সংঘাত ‘উসকে’ দেওয়া হয়। সানায় কর্মরত সাংবাদিকেরা জানান, গতকাল অস্ত্রবিরতি কার্যকর থাকলেও কতক্ষণ তা টিকে থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হুতি বিদ্রোহীদের অবস্থান গ্রহণ নিয়ে সোমবারের সংঘাতের শুরু। ওই ঘটনার পর প্রেসিডেন্ট গার্ড বাহিনী আশপাশের রাস্তাগুলোতে কয়েকটি সেনাদল পাঠায়। সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয় তখন। ওই সংঘর্ষের পর প্রধানমন্ত্রী বাহাহর উপস্থিতিতে প্রেসিডেন্ট হাদি ও হুতি প্রতিনিধিরা দ্বিতীয় অস্ত্রবিরতিতে সম্মত হন। তবে তার পরও সংঘাত থামেনি। এমনকি প্রেসিডেন্টের দপ্তর থেকে বের হওয়ার পরপরই হুতি বিদ্রোহীরা প্রধানমন্ত্রী বাহাহর দিকে গুলি ছোড়ে।
সরকারের মুখপাত্র রাজিহ বাদি জানান, ভারি অস্ত্রসজ্জিত হুতি সদস্যরা প্রধানমন্ত্রী বাহাহর বাসভবন রিপাবলিকান প্যালেসের তিনটি প্রবেশদ্বারেরই নিয়ন্ত্রণ নিয়েছে। সংঘাত অবসানে একটি পথনকশা তৈরি করতে গতকাল সকালেই ‘জরুরি বৈঠকে’র আহ্বান জানান তিনি।
হুতি বিদ্রোহীরা গত বছরের সেপ্টেম্বর মাসে প্রতিরোধ ছাড়াই রাজধানীতে প্রবেশ করে। গত সোমবারের পরিস্থিতি ছিল ওই ঘটনার পর সবচেয়ে বিশৃঙ্খলাপূর্ণ। ঐক্যের সরকার ক্ষমতা গ্রহণ করবে, এমন শর্তে হুতি মিলিশিয়ারা আগে অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল। অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী মিলিশিয়ারা সব এলাকা থেকে সরে যেতে সম্মত হলেও রাজধানী সানার অনেক এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখে। পাশাপাশি দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলের কয়েকটি সুন্নি-অধ্যুষিত এলাকাও দখল করে রেখেছে ওই শিয়া মিলিশিয়ারা।
সংঘাতের পেছনে তৃতীয় পক্ষ?: ইয়েমেনের তথ্যমন্ত্রী নাদিয়া সাকাফ বলেন, হুতিদের একটি গাড়িবহরও আক্রমণের শিকার হয়েছে। এতে বোঝা যায়, এ সংঘাতে একটি ‘তৃতীয় পক্ষ’ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি। এর আগে তথ্যমন্ত্রী বলেছিলেন, কোনো একক পক্ষ সানার নিয়ন্ত্রণে নেই। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে আল-কায়েদা বা অন্য কোনো সন্ত্রাসী সংগঠন যে কাউকে লক্ষ্যবস্তু করতে পারে বলেও সতর্ক করে দেন তথ্যমন্ত্রী।