ইয়েমেনে জোড়া বোমায় নিহত ৬৩
ইয়েমেনে গতকাল বৃহস্পতিবার দুটি আত্মঘাতী বোমা হামলায় ২০ সেনাসহ অন্তত ৬৩ জন নিহত হয়েছে। এর মধ্যে রাজধানী সানায় তল্লাশিচৌকি লক্ষ্য করে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হলে চারটি শিশুসহ অন্তত ৪৩ জন প্রাণ হারায়। খবর এএফপির।
হাউদি শিয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনের বরাত দিয়ে খবরে বলা হয়, সানার তাহরির স্কয়ারে তল্লাশিচৌকিতে চালানো শক্তিশালী বোমার বিস্ফোরণে চারটি শিশুসহ অন্তত ৪৩ জন নিহত হয়। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা স্থানটিতে এ হামলার দায়িত্ব তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ২০১২ সালে সানায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শক্তিশালী বোমা হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছিল। এরপর গতকাল বড় ধরনের বোমা হামলা চালানো হলো।
প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বর্ণনা অনুযায়ী, শিয়া বিদ্রোহীদের সমর্থকেরা সানায় সরকারবিরোধী বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল। তাহরির স্কয়ারে ওই প্রতিবাদ বিক্ষোভের জন্য মঞ্চ তৈরির সময় বোমা হামলা চালানো হয়। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ঘটনাস্থলের কাছের পুলিশ হাসপাতাল থেকে চিকিৎসকদের ডাকা হয়। পরে হামলাস্থলে শিয়া বিদ্রোহীদের সমর্থকেরা প্রেসিডেন্ট আবদ্রাবুহ মানসুর হাদি ‘নিপাত যাক’ বলে স্লোগান দেয়।
এদিকে দক্ষিণ-পূর্ব ইয়েমেনে আল-কায়েদার সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ সেনা নিহত হয়। সেনাবাহিনী জানিয়েছে, হাদরামওয়াত প্রদেশের মুকাল্লা শহরের উপকণ্ঠে সেনা তল্লাশিচৌকিতে গাড়িবোমা হামলা চালানো হয়। এতে ২০ সেনা নিহত হয় এবং একটি ট্যাংক ও দুটি সামরিক গাড়ি বিধ্বস্ত হয়।
এর আগে বেশ কয়েক সপ্তাহ ধরে শিয়া বিক্ষোভকারীরা রাজধানীতে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর অবরুদ্ধ করে রাখে। এ সময় সংঘর্ষে অন্তত ১৪০ জন নিহত হয়। বিক্ষোভের মুখে গত রোববার প্রধানমন্ত্রী মোহাম্মদ সালিম বসিনদওয়া পদত্যাগে বাধ্য হন। এরপর জাতিসংঘের মধ্যস্থতায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তি হয়। চুক্তি অনুযায়ী, এক মাসের মধ্যে নতুন সরকার গঠন এবং সানা থেকে বিদ্রোহীদের প্রত্যাহার করার কথা। কিন্তু চুক্তির পর প্রেসিডেন্ট তাঁর চিফ অব স্টাফ আহমেদ আওয়াদ বিন মুবারককে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। এ ঘটনা শিয়া বিদ্রোহীদের ক্ষুব্ধ করে। গত বুধবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বিন মুবারক বলেন, তিনি জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখতে চান।
তেলসমৃদ্ধ সৌদি আরবের প্রতিবেশী দরিদ্র দেশ ইয়েমেন আফগানিস্তানে আল-কায়েদা জঙ্গিবিরোধী মার্কিন যুদ্ধে গুরুত্বপূর্ণ সহযোগী। এ কারণে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী প্রায়ই জঙ্গি হামলার শিকার হয়।