ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা সমাপ্ত ঘোষণার দুই দিনের মধ্যে আবার সেখানে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাজধানী সানাসহ আরও কয়েকটি শহরে বোমাবর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর এএফপি ও আল-জাজিরার।
আঞ্চলিক দেশগুলোর ওই জোট গত মঙ্গলবার ইয়েমেনে ইরান-সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রথম দফা বিমান হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে প্রয়োজন হলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয় তারা। ইয়েমেনে প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে গত ২৬ মার্চ ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের ওই বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। দেশজুড়ে হুতিদের উত্থানের মুখে গত মাসে পালিয়ে যান হাদি।
নতুন দফা হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রিনিউয়াল অব হোপ’। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বলেছে, এ অভিযানের মূল আলোকপাত হচ্ছে রাজনৈতিক সংলাপ শুরু, ত্রাণ সরবরাহ এবং ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই’।
নতুন করে যেসব জায়গায় বোমা বর্ষণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে, রাজধানী সানার কাছে একটি এলাকা, দেশটির তৃতীয় বৃহত্তম শহর তায়েজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইয়ারিম। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লাহাজ এবং বন্দর শহর এডেনের কাছেও বোমা ফেলার খবর দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পাশাপাশি এডেন এলাকায় বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট হাদির অনুগত বাহিনীর লড়াই আরও তীব্রতর হয়েছে।
জোট জানিয়েছে, তারা ইয়েমেনের বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও আকাশ সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তবে তারা এখনো রাজধানী সানাসহ বেশির ভাগ এলাকা দখলে রেখেছে। আর প্রেসিডেন্ট হাদি এখনো নির্বাসনে।
সৌদি আরবে সতর্কতা: সৌদি আরবের বিপণিবিতানগুলোতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারির পর এ ব্যবস্থা নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার ওই সতর্কতা জারি করে।