ইয়েমেনে নতুন সরকার গঠনের আহ্বান
ইয়েমেনে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। গতকাল সোমবার এ আহ্বান জানানোর পাশাপাশি তিনি ইয়েমেনের রাজনৈতিক উত্তরণে ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছেন। ইরানের এ আহ্বান ও প্রস্তাবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইয়েমেনের প্রধানমন্ত্রী খালিদ বাহাহ গতকাল দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। সৌদি আরবের রিয়াদে ইয়েমেন দূতাবাসে এ শপথ গ্রহণ অনুষ্ঠানে ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদিসহ মন্ত্রিপরিষদের সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ইয়েমেনের শিয়া মুসলিম হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় তিন সপ্তাহ ধরে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। গতকালও দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে শিয়া বিদ্রোহীদের দখলে থাকা প্রেসিডেনশিয়াল প্যালেসসহ দক্ষিণ ইয়েমেনে বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।
কাজাখস্তানে সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘বন সম্মেলনে অংশ নেওয়ার ব্যাপারে আমি অগ্রাধিকার দিয়েছিলাম, যখন আমরা আফগান সরকার সৃষ্টি করি। ইয়েমেনেও আমরা সেটা করতে পারি।’
মার্কিন হামলায় তালেবান সরকার উৎখাতের পর আফগান রাষ্ট্র পুনর্গঠনে ২০০১ সালের ডিসেম্বরে ওই বন সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে হামিদ কারজাইয়ের নেতৃত্বে দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে হামিদ কারজাই দেশটির প্রেসিডেন্ট হন। ওই সরকার গঠনে জারিফ মূল ভূমিকা পালন করেন।