ইয়েমেনে প্রধানমন্ত্রীর গাড়িবহরে গুলি

ইয়েমেনের প্রধানমন্ত্রী খালিদ বাহাহর গাড়িবহর লক্ষ্য করে গতকাল সোমবারে গুলি চালিয়েছে শিয়াপন্থী হুতি যোদ্ধারা। রাজধানী সানায় সেনাবাহিনী ও শিয়াপন্থী মিলিশিয়াদের লড়াইয়ের মধ্যে এ ঘটনা ঘটে। তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন। খবর এএফপির।
সানার চিকিৎসা বিভাগের একটি সূত্র জানায়, শিয়া মিলিশিয়ারা গত বছরের সেপ্টেম্বর মাসে প্রতিরোধ ছাড়াই রাজধানীতে প্রবেশের পর এটা প্রথম বড় ধরনের লড়াই। এ ঘটনায় অন্তত দুজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৪ জন।
তথ্যমন্ত্রী নাদিয়া সাকাফ বলেন, হুতি মিলিশিয়া বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রী বাহাহর গাড়িবহর লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনার সময় তিনি সানায় প্রেসিডেন্ট আব্দুরাবুহা মানসুর হাদির বাসভবন থেকে বের হচ্ছিলেন।
টুইটারে তথ্যমন্ত্রী জানান, সেনাবাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে অস্ত্রবিরতির উপায় খুঁজতে প্রেসিডেন্ট হাদি ও হুতিদের একজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী বাহাহ।
সাকাফ জানিয়েছেন, হুতি যোদ্ধারা দেশের সরকারি টেলিভিশন ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার ‘পূর্ণ’ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।