বৃহত্তম বিমানঘাঁটির দখল নিয়ে ইয়েমেনে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের নেতা আবদেল মালেক আল-হুতি সৌদি জোটের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। গতকাল রোববার হুতিদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় এ কথা জানানো হয়।
ইয়েমেনের সবচেয়ে বড় বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে হুতি মিলিশিয়াদের সঙ্গে সৌদি জোটের মিত্র ‘সাউদার্ন রেজিস্ট্যান্স’-এর জোর লড়াই চলার মধ্যে হুতি নেতা এ ঘোষণা দিলেন। খবর রয়টার্সের।
টুইটার বার্তা অনুযায়ী, বিদ্রোহী শিয়া হুতি গোষ্ঠীর নেতা মালেক আল-হুতি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি কেবল ইসলামিক স্টেট ও আল-কায়েদাকেই সহায়তা করবে। তিনি বলেন, সংগ্রাম চলবে। যুদ্ধ শেষ হয়নি।
ইয়েমেনের স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
সৌদি আরবের নেতৃত্বাধীন জোট মানবিক সাহায্য সরবরাহ করার সুযোগ দিতে গত শুক্রবার একতরফাভাবে পাঁচ দিনের অস্ত্রবিরতির ঘোষণা দেয়।
দেশের সবচেয়ে বড় বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে হুতিদের সঙ্গে দক্ষিণের বাহিনী সাউদার্ন রেজিস্ট্যান্সের লড়াই চলছে। দক্ষিণাঞ্চলভিত্তিক এই গোষ্ঠীই গত সপ্তাহে বন্দর নগর এডেনের বেশির ভাগ এলাকা হুতিদের হাত থেকে পুনরুদ্ধার করে।
আল-আনাদ নামের বিমানঘাঁটিটি এডেন বন্দর থেকে মাত্র ৩০ মাইল দূরে অবস্থিত। ইয়েমেন সংঘাতের বেশির ভাগ সময়ই এটি ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। এডেনের নিয়ন্ত্রণ প্রশ্নে এই ঘাঁটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।
নেতার ভাই আটক?: হুতিদের নেতা আবদুল মালেক আল-হুতির ভাই জ্যেষ্ঠ কমান্ডার আবদুল খালেক আল-হুতিকে আটকের দাবি করেছে সাউদার্ন রেজিস্ট্যান্স। বাহিনীটির নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ নিয়ে হুতিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত সেপ্টেম্বর মাসে বিদ্রোহী হুতিদের রাজধানী সানা দখলে খালেকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়ে থাকে।
হুতি মিলিশিয়া ও ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত সামরিক ইউনিটগুলো গত মার্চে ইয়েমেন সংঘাত শুরুর দিকেই এডেন দখল করে নেয়। এতে করে দেশটির প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি মিত্রদেশ সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন। হাদির শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হুতিদের ওপর তখন বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নিপ্রধান জোট।
জোটের বিমান হামলায় হুতি মিলিশিয়ারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও এখনো তারাই ইয়েমেনের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে। গত সপ্তাহে সাউদার্ন রেজিস্ট্যান্সের মাধ্যমে এডেনের বেশির ভাগ এলাকা পুনরুদ্ধার হওয়ার ঘটনাটিই এখন পর্যন্ত লড়াইয়ের মাঠে সৌদি নেতৃত্বাধীন জোটের বড় সফলতা।
বিমান হামলায় নিহত ১২০: ইয়েমেনি শহর মখার আবাসিক এলাকায় সৌদি জোটের বিমান হামলায় ১২০ জন নিহত হয়েছে। মার্চে বিমান হামলা শুরুর পর এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা। শুক্রবার গভীর রাতে ওই বিমান হামলা চালানো হয়। এতে একটি বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের আবাসিক ভবন মাটিতে মিশে যায়। এ ছাড়া রাজধানী সানার আশপাশেও শনিবার গভীর রাতে এবং গতকাল ভোরে জোটের বিমান হামলার খবর পাওয়া গেছে।