ইয়েমেনে বোমা হামলায় ৩৭ জন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে মঙ্গলবার রাতে বোমার আঘাতে একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানার ৩৭ শ্রমিক নিহত হয়েছেন। তবে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলা না বিদ্রোহীদের গোলায় এ ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। খবর আল-জাজিরা ও এএফপির।
চিকিৎসকেরা বলেছেন, ক্ষমতা দখলকারী শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আরব জোটের আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথম এক ঘটনায় এত বেশি সাধারণ মানুষের মৃত্যু হলো।
দুগ্ধ কারখানার আশপাশের বাসিন্দারা জানায়, এর কাছে শিয়া হুতিদের সমর্থক সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের সমর্থক বাহিনীর শিবির ছিল।
সাত দিন ধরে হুতি এবং সালেহের সমর্থক বাহিনীর ওপর আরব বাহিনীর টানা হামলা চলছে। আরব বাহিনী ইয়েমেনের বিতাড়িত প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির পক্ষে অবস্থান নিয়েছে। তবে তারা এখনো হাদির সর্বশেষ আশ্রয়স্থল বন্দর শহর এডেনের নিয়ন্ত্রণ নিতে পারেনি। মঙ্গলবার রাতে এডেনেও গোলাগুলি এবং বোমাবর্ষণের আওয়াজ পাওয়া যায়।
ইয়েমেনের হাজ্জা প্রদেশের মাইদিতে উপকূলীয় প্রতিরক্ষা স্টেশনে হামলায় ছয়জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বিমান হামলায় রাজধানী সানায় একটি সেনাক্যাম্প ধ্বংস হয়।