ইয়েমেনে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব সৌদি আরবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব গতকাল বৃহস্পতিবার ত্রাণ সরবরাহের সুযোগ দেওয়ার জন্য ইয়েমেনে পাঁচ দিনের মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের এ প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপির।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনার পর যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন। তাঁর দেশ আরবসহ কয়েকটি দেশের সঙ্গে জোট বেঁধে ইয়েমেনের ক্ষমতা দখলের চেষ্টা করা হুতিদের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দিচ্ছে। এতে মূলত বিমান থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।
সৌদি মন্ত্রী আল-জুবেইর বলেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে সৌদি প্রস্তাবটি অবহিত করেছেন। এতে হুতি ও তাদের মিত্ররা ‘কথা দিলে এবং আগ্রাসী কার্যকলাপ বন্ধ করলে’ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ত্রাণ তৎপরতা সমন্বয়ের জন্য পাঁচ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।
আল-জুবেইর বলেন, যুদ্ধবিরতি শুরুর তারিখ শিগগিরই ঠিক করা হবে।
জন কেরি রিয়াদে সাংবাদিকদের বলেন, ‘আমরা হুতি ও তাদের মদদদানকারীদের প্রতি জোরের সঙ্গে আহ্বান জানাচ্ছি ইয়েমেনি জনগণের প্রয়োজন মেটানো ও শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার এ সুযোগটি নষ্ট না করতে।’
শিয়াপ্রধান ইরান শিয়া হুতি বিদ্রোহীদের সহায়তা করে বলে অভিযোগ রয়েছে। সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর প্রতি অনুগত কিছু কিছু সেনা ইউনিটও তাদের পক্ষে লড়ছে।
কয়েক সপ্তাহ ধরে বিমান হামলা চালিয়েও সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের বিশেষ কাবু করতে পারেনি। তবে ক্রমেই বেশি করে বেসামরিক লোকের প্রাণহানি হওয়ায় এ নিয়ে উদ্বেগ বাড়ছে।
জন কেরি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইয়েমেনের পরিস্থিতিতে এখন গভীরভাবে উদ্বিগ্ন। আমরা নির্বিঘ্ন ত্রাণ সরবরাহ নিশ্চিত করার প্রচেষ্টাকে সর্বতোভাবে সমর্থন জানাই।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইয়েমেনের সরকার স্থলপথে বিদেশি হস্তক্ষেপের জন্য আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র বা সৌদি আরব কেউই ইয়েমেনে স্থলসেনা পাঠানো নিয়ে পরস্পরের সঙ্গে কথা বলছে না।