ইয়েমেনে রাতভর বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শাদা শহরের বিমানবন্দরে বিমান হামলার পর গতকাল ক্ষয়ক্ষতি দেখছে হুতি যোদ্ধারা। সৌদি আরবের সীমান্তবর্তী এ শহরটি তাদের অন্যতম শক্ত ঘাঁটি l ছবি: রয়টার্স
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শাদা শহরের বিমানবন্দরে বিমান হামলার পর গতকাল ক্ষয়ক্ষতি দেখছে হুতি যোদ্ধারা। সৌদি আরবের সীমান্তবর্তী এ শহরটি তাদের অন্যতম শক্ত ঘাঁটি l ছবি: রয়টার্স

ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় রোববারও রাতভর বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনী। শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ২৬ মার্চ হামলা শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত টানা পাঁচ দিন হামলা অব্যাহত আছে। খবর রয়টার্সের।
সানার এক অধিবাসী জানান, রোববার রাতে রাজধানীতে হামলার মূল লক্ষ্যবস্তু ছিল প্রেসিডেন্ট ভবনের চারপাশ এবং আশপাশে কূটনীতিকদের আবাসিক এলাকা। ইয়েমেনের এক কূটনীতিক বলেন, ‘মনে হলো এটা ছিল এক নরকের রাত।’ সানার নিকটবর্তী নুগুম পার্বত্য এলাকাতেও আরব বাহিনী হামলা চালায়। এখানে অস্ত্রভান্ডার রয়েছে।
হুতিরা ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির বিরোধী। হুতি বিদ্রোহীরা রাজধানী দখল করার পর হাদি পালিয়ে যান। নয়টি সুন্নিপ্রধান দেশের সহযোগিতায় হুতিদের বিরুদ্ধে সৌদি আরব হামলা শুরু করে। ইরান হুতি বিদ্রোহীদের সহায়তা করছে। তবে ইরান বারবারই সহায়তা করার কথা অস্বীকার করে আসছে।
হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল দাবি করে, গত রোববারের বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়। আহত হয় ৮৮ জন। হতাহতের এ সংখ্যা কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। প্রেসিডেন্ট হাদির সমর্থকদের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে বোমা বিস্ফোরণ এবং স্বয়ংক্রিয় রাইফেলের আওয়াজ পাওয়া যায়।
এডেন থেকে লোকজন জানিয়েছে, উত্তর দিক থেকে হুতি এবং সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের সমর্থকেরা এডেনের শহরতলি শেখ ওসমানের দিকে এগিয়ে আসছে। এ সংঘাতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কয়েকটি আরব টেলিভিশন বলছে, হুতিরা উত্তর এডেন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আছে।
চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে চীন গতকাল ১২২ জন চীনা নাগরিককে ইয়েমেন থেকে সরিয়ে নিয়েছে। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ কথা বলা হয়। এর আগে গত রোববার পাকিস্তান ইয়েমেনে থাকা দেশটির প্রায় ৫০০ নাগরিককে বিমানে করে দেশে ফিরিয়ে আনে।
সৌদি আরবের একজন সামরিক মুখপাত্র বলেছেন, পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সৌদি আরব যাচ্ছেন। পাকিস্তান সরকার ইয়েমেনে হুতিবিরোধী সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা বিবেচনা করছে বলে জানান ওই মুখপাত্র।