ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা শেষ
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শেষ করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। তবে দেশটির ওপর নৌ অবরোধ অব্যাহত থাকবে। গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়ায় এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
আল আরাবিয়া টেলিভিশনে দাবি করা হয়, এ পর্যন্ত চালানো বিমান হামলায় সৌদি জোটের সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে। বিমান হামলা বন্ধের পর ‘অপারেশন রিস্টোরিং হোপ’ শিরোনামে নতুন অভিযান শুরু করা হবে। এতে দেশটিতে চলমান পরিস্থিতির রাজনৈতিক সমাধান ও নিরাপত্তা এবং সন্ত্রাসবাদবিরোধী বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের একজন মুখপাত্র জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করা হলেও ইয়েমেনে নৌ অবরোধ অব্যাহত থাকবে।
বিমান হামলা সমাপ্ত ঘোষণা করার শেষ দিন গতকালও ইয়েমেনে নতুন করে কয়েক দফা হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত ৩০ জন নিহত হন। এর মধ্যে ইব শহরে চালানো এক হামলাতেই অন্তত ২০ জন হুতি বিদ্রোহী নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রায় তিন সপ্তাহ আগে ইয়েমেনে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকারকে রক্ষায় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো এই অভিযানকে সমর্থন দেয়।