ইয়েমেনে সৌদি জোটের হামলায় বিরতি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধপীড়িত ইয়েমেনে ত্রাণসাহায্য পৌঁছাতে সহায়তা করার জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোট তাদের বিমান হামলায় পাঁচ দিনের বিরতি ঘোষণা করেছে। গতকাল শনিবার ঘোষিত এ একতরফা যুদ্ধবিরতি আজ রোববার রাত থেকে কার্যকর হবে। খবর রয়টার্সের।
হুতি বিদ্রোহীদের হামলার মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি গত মার্চের শেষ দিকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। এরপর থেকে ইরান-সমর্থিত হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে আরব দেশগুলোর একটি জোট।
এ ঘোষণার আগে জোটের বিমান হামলায় ইয়েমেনে অন্তত ৫৫ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। গতকাল দেশটির শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানায়।