ইয়েমেনের শরণার্থী শিবিরে সৌদি হামলায় নিহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বিশ্বের দেশগুলোর জোটের বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২০০ ব্যক্তি। দেশটির একটি শরণার্থী শিবিরে হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে বলে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) দ্য গার্ডিয়ানকে বলেছে, আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।

আইওএম-এর ​গণমাধ্যম কর্মকর্তা জোয়েল মিলম্যান জানান, নিহতদের মধ্যে শরণার্থী শিবিরের নিরাপত্তায় নিয়োজিত তিনজন সেনা সদস্যও রয়েছে। আর দুই সেনা সদস্য আহত হয়েছেন।

রাজধানী সানা থেকে বাস্তুচ্যুত ইয়েমেনের নাগরিকদের আশ্রয়ের জন্য জাতিসংঘ ২০০১ সালে হাজ্জা প্রদেশে আল-মাজরাক নামের এই শরণার্থী শিবিরটি প্রতিষ্ঠা করে। এখানে প্রায় পাঁচ হা​জারের মতো শরণার্থী আছে। স্থানীয় সময় গতকাল বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে বিমান হামলার ঘটনা ঘটে। শিয়াপন্থী বিদ্রোহী হুতিদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হতে পারে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন।

তবে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন হতাহতের ঘটনার জন্য হুতিদের দায়ী করেছেন। তিনি মনে করেন, শরণার্থী শিবিরে রাখা গোলার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে।

সৌদি আরব এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।