ইরাক আইএস মুক্ত: আবাদি

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে ইরাকের লড়াই শেষ হয়েছে। দেশটি আজ শনিবার এ ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের বাহিনী ইরাক-সিরিয়া সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। আর তাই আমি আইএসের সঙ্গে যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের শত্রুরা আমাদের সভ্যতাকে হত্যা করতে চেয়েছিল, তবে একতা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে আমরা জয়ী হয়েছি। আমরা খুবই অল্প সময়ের মধ্যে জয় পেয়েছি।’
ইরাকের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকে আইএসের কাছ থেকে ‘পূর্ণ স্বাধীন’ হয়েছে।
গত নভেম্বরে রাওয়া শহরটির নিয়ন্ত্রণ হারানোর পর সীমান্তের অল্প কিছু এলাকায় আইএস তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। রাশিয়ার সামরিক বাহিনী প্রতিবেশী সিরিয়ায় আইএসকে পরাজিত করার মিশন সমাপ্ত করার ঘোষণা দেওয়ার দুই দিন পর ইরাক এ ঘোষণা দিল।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিপুল এলাকা দখলে করে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস। পাশাপাশি তারা কমবেশি ১০ কোটি মানুষের ওপর তাদের শাসন জারি করে। তবে গত দুই বছরের বেশি সময় ধরে তাদের ধারাবাহিক পরাজয় ঘটে। জুলাইতে তারা ইরাকের মসুল শহরের নিয়ন্ত্রণ হারায়। গত মাসে সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরের নিয়ন্ত্রণ হারায় আইএস। রাকাকে আইএসের রাজধানী হিসেবে বিবেচনা করা হয়।
ইরাকে পরাজয়ের পর আইএসের যোদ্ধারা সিরিয়ায় ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তবে অনেকের ধারণা, তারা তুরস্কের সীমান্তে ছড়িয়ে পড়েছে।
আইএসের সঙ্গে সরাসরি সামরিক লড়াই যদি প্রকৃতপক্ষে শেষও হয়, তবে ইরাক-সিরিয়া বা বিশ্বের অন্যান্য জায়গায় সংগঠনটির আদর্শের সঙ্গে লড়াই এবং তাদের বিদ্রোহ করার ক্ষমতা পুরোপুরি শেষ হয়েছে তা বলা যাবে না।