ইরাক ও ইয়েমেনে হামলায় নিহত ৩৯

ইরাকের রাজধানী বাগদাদের অদূরে এবং ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুকাল্লা শহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে বাগদাদের হামলায় ১৪ এবং সিরিয়ার হামলায় ২৫ জন নিহত হন। ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা এই দুটি হামলা চালায় বলে কর্মকর্তারা বলেছেন।
কর্মকর্তারা বলেছেন, গতকাল রোববার বাগদাদের উত্তর প্রান্তের তাজি শহরের একটি গ্যাস উৎপাদন কারখানায় গাড়িবোমা বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, হামলায় অংশ নেয় ছয়জন। তারা শরীরের সঙ্গে বিস্ফোরক বেঁধে হামলা চালায়। বিস্ফোরণের আগে হামলাকারীরা গ্যাস উৎপাদন কেন্দ্রে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মইন আল-জাজিরাকে বলেন, হামলাকারীদের লক্ষ্য ছিল কারখানার গ্যাস সিলিন্ডারগুলো উড়িয়ে দেওয়া। তারা গ্যাস কেন্দ্রটি নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা করছিল। তবে নিরাপত্তা বাহিনী তা ভেস্তে দিয়েছে।
সাদ মইন বলেন, ইরাকি বাহিনী হামলাকারীদের দূর থেকেই প্রতিহত করেছে। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুকাল্লা শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল ফুয়া শহরতলির পুলিশ কার্যালয়। হামলায় নিহত ব্যক্তিরা পুলিশে সদ্য নিয়োগ পেয়েছিলেন এবং যোগ দেওয়ার সারিতে অপেক্ষা করছিলেন।
এই এলাকাটিতে আগে জঙ্গি সংগঠন আল-কায়দার ঘাঁটি ছিল। গত মাসে সামরিক অভিযানের ফলে আল-কায়দা সদস্যদের পিছু হটতে হয়েছে। গত কয়েক দিনের মধ্যে এটি দ্বিতীয় বোমা হামলার ঘটনা।
ইয়েমেনের গৃহযুদ্ধকে কাজে লাগিয়ে বছরখানেক ধরে দেশটির দক্ষিণ উপকূল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় অনেকটা ‘ক্ষুদ্র রাজ্য’ প্রতিষ্ঠা করে ফেলেছিল জঙ্গিরা। তবে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা নিয়ে সরকারি বাহিনী গত মাসে হামলা চালিয়ে অঞ্চলটি নিজেদের কবজায় নিয়ে আসে।