ইরাক ও সিরিয়ায় এ পর্যন্ত ১৭০০ বিমান হামলা
ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন চলমান অভিযানে এ পর্যন্ত এক হাজার সাত শর বেশি বোমা ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর আল-জাজিরা ও এএফপির।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, শুরু থেকে এক মাসে ইরাক ও সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে এক হাজার সাত শরও বেশি বোমা ফেলা হয়েছে। ৬৩২ দফায় এই বোমা হামলার জন্য যুদ্ধবিমানগুলো ছয় হাজার ৬০০ বার উড্ডয়ন করে। হামলায় ‘রিপার’ ড্রোন (মানুষবিহীন বিমান), এফ-১৫, এফ-১৬, এফ/এ-১৮ ও এফ-২২ জেট যুদ্ধবিমান ও বি-১বি বোমারু বিমান ব্যবহার করা হয়।
মার্কিন সামরিক সূত্র জানায়, সর্বশেষ সিরিয়া ও ইরাকে ১৫ দফা বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে তুরস্কের সীমান্তসংলগ্ন সিরীয় শহর কোবানিতে চার দফা হামলা চালানো হয়।
সবচেয়ে ধনি জঙ্গি সংগঠন আইএস: মার্কিন অর্থ দপ্তরের আন্ডার সেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ডেভিড কোহেন জানান, আইএস চলতি বছরের শুরু থেকে শুধু অপরিশোধিত তেল কালোবাজারে বিক্রি করেই দিনে ১০ লাখ করে মার্কিন ডলার আয় করছে। ইরাক ও সিরিয়ায় দখলে নেওয়া তেলক্ষেত্র থেকে এই তেল পাচ্ছে তারা। এর বাইরে মুক্তিপণ আদায় ও চাঁদা তুলেও আয় করছে আইএস। এভাবে তারা বিশ্বের সবচেয়ে ধনী জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে।