ইরাকি কুর্দিদের পেয়ে উৎসাহিত সিরীয় যোদ্ধারা
ইরাক থেকে আসা কুর্দি যোদ্ধাদের দলটি শুক্রবার রাতে তুরস্ক হয়ে সিরিয়ার কোবানি শহরে প্রবেশ করেছে। এতে শহরটিকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থেকে রক্ষার চেষ্টারত সিরীয় কুর্দিদের ‘নৈতিক শক্তি’ জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে।
শ দেড়েক পেশমেরগা যোদ্ধা তিন দিন ধরে কোবানি থেকে পাঁচ মাইল দূরে তুর্কি সীমান্তের কাছাকাছি অপেক্ষা করছিল। শুক্রবার রাতে তারা কয়েকটি জিপে কোবানির উদ্দেশে যাত্রা শুরু করে।
কোবানির জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা আনোয়ার মুসলিম বার্তা সংস্থা এপিকে বলেন, পেশমেরগা ও স্থানীয় কুর্দি বাহিনী পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) যোদ্ধাদের একসঙ্গে লড়াইয়ে নামা মানেই কুর্দি জনগণের নৈতিক শক্তি বহু গুণে বেড়ে যাওয়া।
পেশমেরগা বাহিনীর ওই যোদ্ধারা ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বলে ধারণা করা হচ্ছে। আইএস জঙ্গিদের প্রতিহত করতে এ ধরনের অস্ত্রশস্ত্র জরুরি বলে স্থানীয় কুর্দি যোদ্ধারা বলে আসছিল।
শুক্রবারও কোবানির মধ্যাঞ্চলে প্রচণ্ড লড়াই হয়েছে বলে খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, কুর্দি যোদ্ধারা শহরটির উত্তরের একটি আইএস অবস্থানের দিকে অগ্রসর হতে সক্ষম হয়েছে। তার আগে এক অভিযানে বেশ কয়েকজন জিহাদি নিহত হয়।
কোবানির উত্তর ও মধ্যাঞ্চলে শুক্রবার আন্তর্জাতিক জোটের বিমান থেকে বোমাবর্ষণেরও খবর দিয়েছে অবজারভেটরি। এসব বিমান হামলায় আইএসের কয়েকটি কামান ধ্বংস এবং বেশ কয়েকজন জিহাদি নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। মার্কিন সেন্ট্রাল কমান্ডও জানিয়েছে, তাদের বিমানগুলো গত বৃহস্পতি ও শুক্রবার কোবানির আশপাশে চার দফা বোমাবর্ষণ করেছে। এসব হামলায় আইএসের চারটি লড়াইয়ের অবস্থান এবং তাদের একটি ভবন ধ্বংস হয়েছে।
এদিকে ইরাকেও আইএসবিরোধী অভিযান জোরদার হচ্ছে বলে সেখানকার সেনা কর্মকর্তারা জানিয়েছেন।