ইরাকি প্রধানমন্ত্রী মালিকির পদত্যাগ

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি পদত্যাগ করেছেন। এর মাধ্যমে দেশটির চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন হবে বলে আশা করছেন পর্যবেক্ষকেরা।
আজ শুক্রবার বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদ মাসুম ইরাকি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হায়দার আল আবেদিকে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন। আবেদি ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ের একজন রাজনীতিক।
পদত্যাগকারী প্রধানমন্ত্রী মালিকি আট বছর ক্ষমতায় ছিলেন। চলমান সংকটের নিরসনে তাঁকে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছিল জাতিসংঘসহ পশ্চিমা বিশ্ব। কিন্তু এতে মালিকি অস্বীকৃতি জানান।
মালিকির পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। দেশটির উত্তরাঞ্চলে সুন্নি ইসলামি বিদ্রোহীদের প্রতিরোধ করতে অক্ষমতার পরিচয় দেয় মালিকি সরকার।
এতে দেশটির বড় একটি অংশ বিদ্রোহীদের দখলে চলে যায়। বিদ্রোহীরা দখল করা অংশে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। ওই এলাকায় বসবাসরত অন্তত ১২ লাখ শিয়াকে তাঁদের বাড়িঘর থেকে বের করে দেয় বিদ্রোহীরা।
এতে দেশটির ভেতরে ও বাইরে মালিকির বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এরই জের ধরে পদত্যাগ করতে হলো মালিকিকে।