ইরাকি প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদিকে সৌদি আরব সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির বাদশাহ সালমান। ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর গতকাল সোমবার এ কথা জানিয়েছে। কয়েক দশকের উত্তেজনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের এটাই সবচেয়ে জোরালো ইঙ্গিত। খবর রয়টার্সের।

সৌদি আরবে এবাদির সম্ভাব্য সফর কবে হতে পারে, এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরাকের প্রধানমন্ত্রী এবাদির কার্যালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরবের বাদশাহ দ্বিপক্ষীয় সহযোগিতার দিগন্ত উন্মোচনের ব্যাপারে তাঁর দেশের আগ্রহের কথা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী এবাদিকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

এই সফর অনুষ্ঠিত হলে তা হবে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে এবাদির প্রথম সৌদি আরব সফর। গত গ্রীষ্মে এবাদি তাঁর পূর্ববর্তী প্রধানমন্ত্রী নুরি আল মালিকির স্থলাভিষিক্ত হন।

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বধীন বাহিনীর আগ্রাসনের পর প্রতিষ্ঠিত শিয়া প্রাধান্যপুষ্ট সরকারগুলোকে ইরানের হাতের পুতুল বলে মনে করে সৌদি আরব। সৌদি সরকার আশা করছে, এবাদির নেতৃত্বাধীন ইরাকের বর্তমান সরকার ইরানের সঙ্গে দূরত্ব বজায় রাখতে মালিকি সরকারের চেয়ে বেশি কিছু করবে। ইরান সৌদি আরবের প্রধান আঞ্চলিক শত্রু।

ইরাক ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইকে নতুন ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। উভয় দেশই আইএসকে নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করে। তবে উভয়ের মধ্যে দীর্ঘদিনের সন্দেহ ও অবিশ্বাস রয়ে গেছে।