ইরাকিদের অচিনপুরের দরজা
ইরাকের উত্তরাঞ্চলীয় নগর আরবিল। অনেকের কাছে তা অনিশ্চিত দীর্ঘ যাত্রার দ্বার। এই বোতলগলা দরজা ইরাকের জন্য ইউরোপে যাওয়ার পথ খুলে দিয়েছে। হোক না তা অনিশ্চিত, এ পথেই ইরাকিরা ইউরোপের দেশগুলোর দিকে রওনা হতে প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছে।
ইরাকের কুর্দি শাসিত অঞ্চলের রাজধানী আরবিল। এ নগরে পর্যটন ও পরিবহন ব্যবসা করেন এমরি শওকত। তিনি বলেন, ‘আমরা আজকাল শুধু যাওয়ার টিকিই প্রচুর বিক্রি করছি। অন্য যেকোনো সময়ের চেয়ে তা বেশি। লোকজন মরিয়া হয়ে গেছে।’
২০১৪ সালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইরাকের বড় একটি অংশ দখল করে নেয়। দেশটিকে ভেঙে টুকরো হওয়ার প্রান্তে নিয়ে যায় তারা। তখন হাজার হাজার ইরাকি দেশ ছাড়তে বাধ্য হয়। ইরাক ও সিরিয়ায় আইএসের দখলে থাকা এলাকায় শিরশ্ছেদসহ ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা। চলছে ধর্ষণ, সেবাদাসী বানানোর প্রক্রিয়া।
অভ্যন্তরীণ এই অস্থিরতা ইরাকের অর্থনীতির বারোটা বাজিয়েছে। দেশে এখন কাজ নেই। অগণিত বেকার। পদে পদে দুর্নীতি। সরকারি সেবার মান খুব খারাপ। এসব কারণে জনজীবন অতিষ্ঠ। অনেকেই ভাবছেন, দূর, আর এ দেশে থাকবই না। অর্থনৈতিকভাবে সবল দূরদেশ, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে গিয়ে ভাগ্য ফেরানোর চেষ্টা চালাচ্ছেন এই অভিবাসন-প্রত্যাশীরা।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্যমতে, ২০১৫ সালের প্রথম তিন মাসে রাজনৈতিক আশ্রয়ের আশায় ইউরোপে পাড়ি জমানো লোকজনের মধ্যে ইরাকিদের অবস্থান পঞ্চম। গত বছরের প্রথম তিন মাসের চেয়ে তা প্রায় তিনগুণ বেশি।
শওকতের অফিসের বাইরে বাসের জন্য অপেক্ষা করছিলেন ইহাব আল আজিলি (২৫)। বাগদাদ থেকে আসা আজিলি বলেন, ‘এ দেশে ভালো কিছু হচ্ছে না। আমি যেকোনো কিছু করব। ইউরোপে যেকোনো কাজ এখানকার চেয়ে ভালো হবে।’
আশ্রয়-প্রত্যাশীদের কাছে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ জার্মানি। এরপর সুইডেন ও অন্যান্য স্কানডেনেভীয় দেশ। দেশান্তরে উদ্যোগী ইরাকিদের ধারণা, এসব দেশে রাজনৈতিক শরণার্থী হিসেবে বেশি সুবিধা পাওয়া যায়।
আজিলির বন্ধু হোসাইন আল শামারি বলেন, ‘এখন আমরা তুরস্কে যাব। সেখানে পাচারকারীরা আছে। সেখান থেকে তারা নৌকা আর ডিঙিতে করে গ্রিসে পৌঁছে দেবে।’
শামারি বলেন, এরপর এথেন্স থেকে ট্রেনে করে তিনি মেসিডোনিয়া যাবেন। সেখান থেকে সার্বিয়া আর হাঙ্গেরির মধ্য দিয়ে অস্ট্রিয়ায় পৌঁছাবেন। এই পুরোটা পথে পাচারকারীরা তাঁদের সহযোগিতা করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট আর ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন পাচারকারীদের তথ্য দেওয়া হচ্ছে। সেখানে পাচারকারীদের সাহায্য নিতে দরদাম, বিশেষ সুযোগ, যোগাযোগের নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে।
কোনো পরিকল্পনা ছাড়াই ইরাকি তরুণেরা দেশ ছাড়ছেন। পাচারকারীদের পাঁচ হাজার ডলার দিতে পারলেই তাঁদের পশ্চিম ইউরোপে পৌঁছে দেবে—এমন আশা নিয়ে তাঁরা রওনা হচ্ছেন অচিনপুরের দিকে।
৩২ বছরের তরুণ সাদিক। আরবিলের শহরতলিতে সুন্দর একখান বাড়ি রয়েছে তাঁর। খেটেখুটে সুন্দর সাজিয়ে নিয়েছেন সংসার। এর পরও দেশ ত্যাগে দ্বিধা নেই তাঁর। সাদিকের কথা, যেখানে ন্যায়বিচার আছে, মানবাধিকার আছে, সেখানে যেতে চান তিনি।
সাদিক যখন শয়নকক্ষে সোফায় বসে এসব কথা বলছিলেন, তখন একটি কুর্দি টিভি চ্যানেলে দেখাচ্ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সিরীয় কুর্দিদের গ্রিসের দ্বীপ কসে পৌঁছানোর খবর।
সাদিক বলেন, ‘আমি চাই, এখানে যা ঘটছে, তা থেকে দূরে থেকে আমার সন্তানেরা ভালো ও নিরাপদ জীবন পাক।’