ইরাকে আইএসের ট্রাকবোমায় নিহত ৬০
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাংশের সদর সিটি এলাকায় গতকাল বৃহস্পতিবার বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দু শ মানুষ। এ হামলার দায় স্বীকার করেছে সুন্নিপন্থী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর এএফপি ও বিবিসির।
প্রধানমন্ত্রী হায়দার আলী আবাদির ক্ষমতায় বসার এক বছরের মধ্যে রাজধানীতে এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিয়া অধ্যুষিত সদর সিটির জমিলা বাজারের ভেতরে সকাল ছয়টার দিকে বিস্ফোরকবোঝাই একটি ট্রাকের বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে সৃষ্ট গর্তে ফলমূল ও শাকসবজির সঙ্গে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায় মৃত মানুষের শরীরের বিভিন্ন অংশ।
হামলার দায় স্বীকার করে টুইটারে আইএস জানায়, শিয়া মিলিশিয়াদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
গত বছর ইরাকের মসুল শহরসহ দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলীয় উপত্যকা দখলে নেয় মধ্যপ্রাচ্যে আতঙ্ক সৃষ্টিকারী জঙ্গি সংগঠন আইএস। এরপর রাজধানীর সুরক্ষা এবং আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে শিয়া মিলিশিয়াদের মুখাপেক্ষী হয় ইরাক সরকার।