ইরাকে আইএসের হাতে নেভি সিল সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় মার্কিন নেভি সিলের এক সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, নেভি সিলের ওই সদস্য উত্তর ইরাকে কুর্দি বাহিনীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নেভি সিলের নিহত সদস্যের নাম চার্লি কিটিং (৩১)। তাঁর বাড়ি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়।

কুর্দি কর্মকর্তারা বলছেন, গতকাল মঙ্গলবার আইএসের হামলায় নেভি সিলের ওই সদস্য নিহত হন।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএসবিরোধী জোটের অভিযান শুরুর পর এই যুদ্ধে এখন পর্যন্ত তিনজন মার্কিন নিহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার তাঁর দেশের নেভি সিলের এক সদস্যের ইরাকে নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে তাঁর ভাষ্য, ইদলিবের কাছে শত্রুর হামলায় যুক্তরাষ্ট্রের এক সামরিক সদস্য নিহত হয়েছেন। এটা যুদ্ধজনিত মৃত্যু। এটা দুঃখজনক ক্ষতি।

ইরাকে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা বলেন, কুর্দিদের একটি অবস্থানে আইএসের সরাসরি হামলায় নেভি সিলের ওই সদস্য নিহত হন।

কুর্দি বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাবের ইয়াবের বলেন, মসুল থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত তাল আসকফ শহরের কাছে আইএসের এক হামলাকারীর গুলিতে মার্কিন নেভি সিলের এক সদস্য নিহত হন।

গতকাল ভোরে আইএস জঙ্গিরা শহরটিতে হান দেয়। দিনের পরের ভাগে তাদের হটিয়ে দেয় কুর্দি বাহিনী।

ইরাকে যুক্তরাষ্ট্রের সাড়ে পাঁচ হাজারের বেশি সামরিক সদস্য আছেন।