ইরাকে আকাশযান ও সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র
ভূপাতিত হওয়া উড়োজাহাজ থেকে পাইলটদের উদ্ধারের সক্ষমতা বাড়াতে উত্তর ইরাকে আকাশযান ও সেনাসদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। জর্ডানের একজন পাইলট জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে ধরা পড়ে নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা। খবর এএফপির।
মার্কিন কর্মকর্তাটি গত বৃহস্পতিবার বলেন, ‘আমরা উত্তর ইরাকে আমাদের কিছু সম্পদ পুনর্বিন্যাস করছি।’
মিত্রপক্ষের কোনো পাইলট উড়োজাহাজ দুর্ঘটনার পর আইএসের দখলে থাকা ভূখণ্ডে পতিত হলে তাঁর কাছে দ্রুত সহায়তা পৌঁছানোর লক্ষে৵ই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
বর্তমানে বৈমানিকদের উদ্ধারের কাজটি পরিচালনা করা হয় ইরাকের পাশের দেশ কুয়েত থেকে। মার্কিন কর্মকর্তারা বুধবার জানান, জর্ডানের পাইলট মোয়াজ আল-কাসাবের যুদ্ধবিমানটি যখন ভূপাতিত হয়েছিল, তখন সামরিক সরঞ্জাম ও উদ্ধারকাজের বিশেষজ্ঞরা কোথায় ছিলেন, তা পর্যালোচনা করে দেখছে সামরিক বাহিনী।
বৃহস্পতিবার জর্ডানের যুদ্ধবিমানগুলো আইএসএর ওপর বেশ কয়েক দফা প্রতিশোধমূলক হামলা চালানোর সময় মার্কিন যুদ্ধবিমান তাদের পাহারা দেয়। হামলায় নিরাপত্তা দিতে অংশ নেয় মার্কিন এফ-১৬ ও এফ-২২ যুদ্ধবিমান। এ ছাড়া উড়ন্ত অবস্থায় বিমানে তেল ভরার ট্যাংকার ও নজরদারি উড়োজাহাজ বাড়তি সহায়তা জোগায়।
পাইলটদের নিরাপত্তাঝুঁকির মুখে পড়লে তা মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের আইএসবিরোধী অভিযানের ওপর প্রভাব ফেলতে পারে। পাইলটের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই সংযুক্ত আরব আমিরাতসহ আন্তর্জাতিক জোটের অনেক সদস্য দেশ উদ্ধারকারী সরঞ্জাম ও বিশেষজ্ঞদের উত্তর ইরাকে মোতায়েনের দাবি জানিয়ে আসছিল। এমনকি জর্ডানের পাইলট পূর্ব সিরিয়ায় আইএসের হাতে ধরা পড়ার পরপরই আমিরাত গত ডিসেম্বর মাসে আইএসবিরোধী বিমান হামলা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্তের কথা জানা গেল।