ইরাকে আত্মঘাতী হামলা চালাল ব্রিটিশ স্কুলছাত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালহা আজমল
তালহা আজমল

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা দাবি করেছে, উত্তর ইরাকে সম্প্রতি একটি তেল শোধনাগারে আত্মঘাতী গাড়িবোমা হামলাকারীদের মধ্যে একজন ব্রিটিশ স্কুলছাত্রও ছিল। তার নাম তালহা আজমল। জঙ্গিদের দাবি সত্য হলে, তালহাই সবচেয়ে কনিষ্ঠ ব্রিটিশ আত্মঘাতী হামলাকারী।
এই ঘটনায় আইএস জঙ্গিদের ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন সন্দেহভাজন হামলাকারী তালহার বাবা-মা। গতকাল সোমবার তাঁরা ওই মন্তব্য করেন। খবর এএফপির।
ধারণা করা হচ্ছে, ব্রিটিশ স্কুলছাত্র তালহা আজমল গত এপ্রিলে তার বন্ধু হাসান মুনসির সঙ্গে সিরিয়ায় যায়। তাদের দুজনই স্কুলছাত্র, বয়স ১৭ বছর। শনিবার আইএসের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর ইরাকে একটি তেল শোধনাগারে আত্মঘাতী হামলাকারী চার গাড়িচালকের মধ্যে তালহাও ছিল।
আইএসের এই ঘোষণার প্রেক্ষাপটে তালহার বাবা-মা ইব্রাহিম ও নূরজাহা এক বিবৃতিতে গণমাধ্যমকর্মীদের বলেন, তাঁদের ছেলে নিষ্পাপ। কিন্তু মনে হচ্ছে, আইএস জঙ্গিরা তাকে প্ররোচিত করে ফাঁদে ফেলে। ওই আত্মঘাতী হামলায় তালহার অংশগ্রহণের বিষয়ে আইএসের দাবি সত্য হয়ে থাকলে, এই জঙ্গিরা খুবই নোংরা কাজ করেছে। তাঁরা আরও বলেন, ‘এ ঘটনায় আমাদের হৃদয় ভেঙে খানখান হয়ে পড়েছে। আমরা বাক্যহারা।’
আজমল স্কুলের বার্ষিক পরীক্ষা দিচ্ছিল। ধারণা করা হচ্ছে, আজমল ওই বন্ধুকে নিয়ে গত ৩১ মার্চ ম্যানচেস্টার থেকে তুরস্কের দালামানগামী একটি বিমানে ওঠে। পরে সেখান থেকে সে সিরিয়ায় যায়।
আইএস গত বছরের জুনে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ‘খিলাফত রাষ্ট্র’ ঘোষণা করে। লড়াইয়ে শত শত ব্রিটিশ জঙ্গিও যোগ দিয়েছে।
কেনিয়ায় ব্রিটিশ জঙ্গি নিহত: ব্রিটিশ জিহাদি টমাস ইভান ওরফে আবদুল হাকিম গত রোববার কেনিয়ায় নিহত হয়েছেন। কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী গতকাল এই তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনী বলেছে, রোববার সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব কেনিয়ার সীমান্তবর্তী বাউর এলাকায় একটি সেনাঘাঁটিতে হামলা চালায়। এ সময় দুজন কেনীয় সেনা ও আল-শাবাবের অন্তত ১৫ জন জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে টমাসও ছিলেন। নাইরোবিতে ব্রিটিশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, খবরের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।