ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৮০
ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অনেকেই শিয়া তীর্থযাত্রী। দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
রাজধানী বাগদাদের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে হিল্লা এলাকায় একটি পেট্রলপাম্প ও রেস্তোরাঁসংলগ্ন সড়কে ওই হামলা চালানো হয়। এ সময় ওই সড়ক দিয়ে ধর্মীয় অনুষ্ঠান শেষে পবিত্র শহর কারবালা থেকে বাসযোগে তীর্থযাত্রীরা ফিরছিলেন। নিহত ব্যক্তিদের অনেকেই ইরানের নাগরিক বলে খবর পাওয়া গেছে।
আইএসের কথিত বার্তা সংস্থা আমাক এক বিবৃতিতে দাবি করেছে, ওই হামলায় দুই শতাধিক লোক হতাহত হয়েছে।
ইরানি শিয়া তীর্থযাত্রীদের বহন করা বাসগুলোকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু কিছু খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলা চালানো গাড়িটি পার্ক করে রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পেট্রল স্টেশনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পাশাপাশি অনেক গাড়িতে আগুন ধরে যায়।
স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা ফালাহ আল-রাদি বিবিসিকে বলেন, নিহত প্রায় ৮০ জনের মধ্যে অনেক ইরানি নাগরিক রয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।