ইরাকে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইরাকে আরও দেড় হাজার সেনা পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন ওই সেনারা যুদ্ধে অংশ নেবে না। বরং ইতিমধ্যে মোতায়েন মার্কিন সেনা ও উপদেষ্টাদের মতো ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেবে। গত শুক্রবার মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
নতুন দেড় হাজার সেনা পাঠানো হলে ইরাকে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। প্রেসিডেন্ট ওবামার এই সিদ্ধান্তের ফলে ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি ও ভৌগোলিকভাবে বিস্তৃতির সুযোগ ব্যাপকভাবে বাড়বে। এই সেনাদের একটি অংশ পশ্চিম ইরাকের আনবার প্রদেশে আইএসের সঙ্গে যুদ্ধরত ইরাকি বাহিনীর পরামর্শক হিসেবে কাজ করবে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে ইরাকিদের প্রশিক্ষণ দিতে ও অস্ত্রসজ্জিত করতে কংগ্রেসের কাছে ১৬০ কোটি ডলার চাওয়া হবে। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির কাছে কংগ্রেসের কর্তৃত্ব হারানোয় ওবামাকে ঝামেলায় পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওবামা হয়তো এই অর্থ ছাড় করাতে গিয়ে রিপাবলিকানদের বাধার মুখে পড়বেন।
এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি বলেছেন, অতিরিক্ত প্রথম সেনাদল ইরাক রওনা হওয়ার আগেই এই তহবিল দরকার। অন্য একজন কর্মকর্তা আভাস দেন, কয়েক সপ্তাহের মধ্যে ওই সেনাদল ইরাকে পাঠানো হতে পারে।
ইরাকে মোতায়েন মার্কিন সব সেনা ২০১১ সালে প্রত্যাহার করে নিয়েছিলেন ওবামা। কিন্তু আইএস জঙ্গিদের অগ্রযাত্রায় শঙ্কিত হয়ে চলতি বছরের মাঝামাঝি থেকে আবার ইরাকে প্রশিক্ষণ ও পরামর্শের জন্য উপদেষ্টা সেনা পাঠানো শুরু করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সরকারের একজন কর্মকর্তা বলেন, আনবার প্রদেশের প্রায় পাঁচ হাজার উপজাতীয় লোককে সংগঠিত ও অস্ত্রসজ্জিত করার পরিকল্পনা রয়েছে ইরাকি সরকারের।
রিয়ার অ্যাডমিরাল জন কারবি বলেন, ‘অতিরিক্ত মার্কিন সেনারা বিভিন্ন ঘাঁটিতে ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেবে এবং উপদেষ্টা হিসেবে কাজ করবে। এর পরও আমাদের সেনাদের ঝুঁকি কম নয়। ইতিমধ্যে আত্মঘাতী হামলায় দুজন সেনা নিহত হয়েছে।’
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকের উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে কয়েকটি কেন্দ্রে ইরাকি সেনাদের নয়টি ব্রিগেড ও কুর্দি যোদ্ধাদের তিনটি ব্রিগেডকে এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ‘উপদেষ্টা ও সহায়তা’ কেন্দ্র খোলা হবে।
একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন, শিগগিরই পশ্চিম আনবার প্রদেশে মার্কিন সেনা উপদেষ্টারা যাবেন। সেখানে আইএস যোদ্ধারা হামলা চালাচ্ছে। কূটনৈতিক ও চিকিৎসকদের তথ্য অনুযায়ী, জুন মাস পর্যন্ত অন্তত ছয় হাজার ইরাকি সেনা নিহত হয়েছে। এর দ্বিগুণ সেনা পালিয়ে গেছে।
শুক্রবার হোয়াইট হাউসে কংগ্রেস সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে ওবামা ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিবিরোধী লড়াই সম্পর্কে তাঁদের অবহিত করেন।
ওবামার ইরাক নীতি, বিশেষ করে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান সীমিত বিমান হামলায় সীমাবদ্ধ রাখার সমালোচনা করে আসছেন কিছুসংখ্যক রিপাবলিকান।
ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান নেতা বাক ম্যাকেয়ন এক বিবৃতিতে বলেন, ‘ইরাক-সংক্রান্ত কৌশল পুনর্বিবেচনার জন্য আমি প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাব। নতুন করে অতিরিক্ত তহবিল নতুন কী দিকনির্দেশনা দেবে, এর সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। এ ধরনের সুস্পষ্ট ব্যাখ্যাই কংগ্রেসে ওই তহবিল অনুমোদনে সহায়ক ভূমিকা রাখতে পারে।’
এদিকে গতকাল শনিবার উত্তর ও পূর্ব সিরিয়ায় আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকারবিষয়ক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।