ইরাকে আরও ৩৫০ মার্কিন সেনা

ইরাকের রাজধানী বাগদাদে আরও ৩৫০ জন মার্কিন সেনা পাঠাতে গতকাল মঙ্গলবার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউসের বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, বাগদাদে মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কূটনীতিকদের সুরক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনার উপস্থিতি এক হাজার পার করতে যাচ্ছে।
ইরাকে সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএসের ব্যাপক তত্পরতার মুখে সেখানে মার্কিন দূতাবাস, অন্যান্য স্থাপনা ও কূটনীতিকদের নিরাপত্তায় অতিরিক্ত সেনা চেয়ে গত মাসে অনুরোধ জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে বাগদাদে আরও ৩৫০ জন মার্কিন সেনা পাঠাতে প্রতিরক্ষা দপ্তরকে আদেশ দেন ওবামা।
ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের অনেক ভূখণ্ড এখন আইএস জঙ্গিদের দখলে। সিরিয়া ও ইরাকের দখলকৃত ভূখণ্ড নিয়ে তারা ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। ইরাকে আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে গত ৮ আগস্ট থেকে বোমা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
আইএসকে মোকাবিলায় ইরাক সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।
আইএসের জঙ্গিদের হাতে স্টিফেন সটলফ নামের আরেক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিওচিত্র গতকাল প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পর ইরাকে আরও মার্কিন সেনা পাঠানোর ঘোষণাটি আসে। এর আগে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে শিরশ্ছেদ করে তারা।