ইরাকে করোনা হাসপাতালে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯২

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
ছবি: রয়টার্স

ইরাকের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন লেগে ৯২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত ১০০ জনের বেশি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার বরাতে গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল–হুসেইন হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় সময় গত সোমবার রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর আল–হুসেইন হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া মানুষের মরদেহ হাসপাতাল ভবন থেকে বাইরে বের করে আনার বিবরণ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।

দেশটির ধাই কোয়ার ফরেনসিক সায়েন্স বিভাগের একটি সূত্র জানায়, ৯২ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৯টি মৃতদেহ শনাক্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি এএফপিকে বলেন, প্রায় ৭০ জন রোগীর ধারণক্ষমতার করোনা ওয়ার্ডের ভেতরে এখনো লোকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র বলছে, চিকিৎসক দল ও নিহত ব্যক্তিদের আত্মীয়দের পক্ষে মৃতদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ধংসস্তূপের নিচে আরও মৃতদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালটির বাইরে বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষুব্ধ লোকজন সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবৌসি এক টুইটে বলেছেন, ইরাকি জনগণের জীবন রক্ষায় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ এ অগ্নিকাণ্ড। এ ধরনের বিপর্যয়কর ব্যর্থতা অবসানের সময় এসেছে।

গত এপ্রিলে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৮২ জন মারা যান। অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়ে এ আগুন লেগেছিল। এ ঘটনার জেরে দেশটির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি পদত্যাগ করেন।

বছরের পর বছর ধরে চলা যুদ্ধ-সংঘাত, অবহেলা, দুর্নীতির কারণে ইরাকের স্বাস্থ্য খাতের অবস্থা এমনিতেই নাজুক। তার ওপর করোনা মহামারি দেশটির স্বাস্থ্যসেবাকে মারাত্মক চাপের মধ্যে ফেলেছে।