ইরাকে কোণঠাসা আইএস, নাইজেরিয়ায় বিস্তৃত
ইরাকের তিকরিতে হাজারো সেনার উপস্থিতিতে এখন কোণঠাসা অবস্থায় রয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা। তবে এই পরিস্থিতিকে তেমন আমল দিচ্ছে না তারা। বরং নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামকে তাদের ‘খিলাফতে’ স্বাগত জানিয়ে আনন্দেই আছে বলে মনে হচ্ছে।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আইএসের বিরুদ্ধে বড় কিছু অর্জন করা হয়েছে—এমনটা দাবি করে ইরাকের সেনা কমান্ডাররা বলেন, আইএসের বিরুদ্ধে জয় সময়ের ব্যাপার মাত্র।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল ওবাইদি বলেন, ‘এখন আমরা পরিকল্পনার দ্বিতীয় ধাপের দিকে এগোচ্ছি।’
তিকরিত শহর পুনরুদ্ধারের সর্বশেষ অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শহরটি গত জুন থেকে আইএসের দখলে ছিল। বাগদাদের দক্ষিণে ও শিয়াদের পবিত্র নগর নাজাফে প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে। আইএস সেখানে আত্মঘাতী,গাড়ি ও বন্দুক হামলা চালাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার আইএসের মুখপাত্র আবু মোহাম্মেদ আল আদনানির কথা রেকর্ড করা একটি অডিও প্রকাশ করা হয়েছে। এতে পাঠানো বার্তায় আইএসের সঙ্গে যোগ দেওয়ার জন্য বোকো হারামকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।