ইরাকে জোটের বিমান হামলায় ২৫০ জঙ্গি নিহত

ইরাকের ফালুজা শহরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ক্রমিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ২৫০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার ওই হামলা চালানো হয়। হামলায় জঙ্গিদের অন্তত ৪০টি যানবাহন ধ্বংস হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য সত্য হলে তা হবে আইএসের বিরুদ্ধে জোটের সবচেয়ে প্রাণঘাতী হামলা।
নাম প্রকাশ না করা মার্কিন কর্মকর্তারা বলছেন, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাঁরা যে প্রাথমিক তথ্য দিয়েছেন, এর পরিবর্তন হতে পারে।
কর্মকর্তারা বলছেন, শহরের দক্ষিণে ওই বিমান হামলা চালানো হয়। ওই এলাকার বেসামরিক লোকজন ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে।
ইরাক ও সিরিয়ার বেশ কিছু ভূখণ্ড নিজেদের দখলে নিয়ে আইএসের ‘খেলাফত’ ঘোষণা করার পর গোষ্ঠীটি বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। উভয় দেশেই তারা দখল করা ভূমি হারিয়েছে।
এখন উদ্বেগের বিষয় হলো, ইরাক-সিরিয়ার বাইরেও আইএস হামলা চালাচ্ছে।
সবশেষ গত মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আইএস জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ওই হামলায় বিদেশিসহ অন্তত ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক মানুষ।
ওয়াশিংটনে সিআইএর প্রধান জন ব্রেনান বলেছেন, তিনি মনে করেন, তাঁদের জোট ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে কিছু তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।