ইরাকে তৃতীয় দফায় চারটি বিমান হামলা
ইরাকের উত্তরাঞ্চলে ইরবিল শহরের কাছে সুন্নি কট্টরপন্থীদের সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের অবস্থানে নতুন করে চারটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাবাহিনীর বরাতে আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার তৃতীয় দফার এই হামলা চালানো হয়।
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকাল আইএসের অবস্থানকে লক্ষ্যবস্তু করে চালানো হামলায় মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়। এতে যোদ্ধাদের বেশ কিছু সাঁজোয়া যান ও অস্ত্রবাহী ট্রাক ধ্বংস হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, ইরাকের সিনজার পর্বতে অবরুদ্ধ ইয়াজিদি সংখ্যালঘুদের জন্য গতকাল রাতে তৃতীয় দফায় বিমান থেকে পানি ও খাদ্য ফেলা হয়েছে।
ইরাকে সুন্নি জঙ্গিদের হাতে ইয়াজিদি সংখ্যালঘুদের ‘গণহত্যা’ এবং স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে কট্টরপন্থীদের প্রবেশ ঠেকাতে গত বৃহস্পতিবার রাতে ‘সীমিত পরিসরে’ বিমান হামলা চালানোর অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর পর গত শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলের কাছে জঙ্গিদের গোলন্দাজ অবস্থানের ওপর বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান।
যুক্তরাষ্ট্র বলছে, খ্রিষ্টধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের নির্যাতন থেকে রক্ষা করা ও ইরাকের সরকারকে সহায়তা করা এ ‘মানবিক সহায়তা’ হামলার লক্ষ্য।
ওবামা গতকাল শনিবার সতর্ক করে বলেছেন, ইরাকে মার্কিন সামরিক অভিযানের কোনো সময়সীমা নেই। সুন্নি কট্টরপন্থীদের দমন এবং দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে ‘কিছু সময়’ লাগবে। এটা একটা ‘দীর্ঘমেয়াদি প্রকল্প’।
মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে যোদ্ধাদের ঠেকিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ওবামা। তিনি ইরাকি কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।