ইরাকে নতুন ঘাঁটি গড়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের ক্যাম্প তাজিতে দেশটির সেনারা মার্কিন সেনাসদস্যদের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন। সম্প্রতি ছবিটি প্রকাশ করেছে মার্কিন সেনাবাহিনী l রয়টার্স
ইরাকের ক্যাম্প তাজিতে দেশটির সেনারা মার্কিন সেনাসদস্যদের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন। সম্প্রতি ছবিটি প্রকাশ করেছে মার্কিন সেনাবাহিনী l রয়টার্স

ইরাকে আরও ৪৫০ সেনা প্রশিক্ষক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির বৃহত্তম প্রদেশ আনবারে নতুন একটি সামরিক ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে সহায়তা করাই এর লক্ষ্য। গতকাল বুধবারই এ পরিকল্পনা ঘোষণার কথা ছিল ওবামা প্রশাসনের। খবর রয়টার্সের।

ইরাকে বর্তমানে তিন হাজার ১০০ মার্কিন সেনা প্রশিক্ষক ও উপদেষ্টা রয়েছেন। নতুন পরিকল্পনার আওতায় এ কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত করা হবে। এ পরিকল্পনা আইএসবিরোধী লড়াইয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার বর্তমান কৌশলে সমন্বয় আনারও একটি ইঙ্গিত। আইএস জঙ্গিদের রুখতে ওবামা প্রশাসন কঠোর ব্যবস্থা না নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে রয়েছে।

নতুন ঘাঁটি গড়ে তোলা ও প্রশিক্ষকদের পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ওবামা প্রশাসনের কর্মকর্তারা। তবে তাঁরা নাম প্রকাশ করতে রাজি হননি। এসব কর্মকর্তা আশা প্রকাশ করে বলেছেন, ইরাকে মার্কিন উপস্থিতি সামান্য বাড়ানো হলেও তা আনবার প্রদেশের রাজধানী রামাদি উদ্ধারে পরিকল্পনা প্রণয়ন ও অভিযান চালাতে ইরাকি বাহিনীকে সাহায্য করতে পারে। আইএস জঙ্গিরা গত মাসে রামাদি থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেয়। এ ঘটনাকে সাম্প্রতিক মাসগুলোতে তাদের সবচেয়ে বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে।

তবে মার্কিন সেনাদের ইরাকের রণাঙ্গনে সরাসরি মোতায়েন না করার অবস্থান থেকে প্রেসিডেন্ট ওবামা সরে আসবেন না বলেই মনে করছেন কর্মকর্তারা। যেসব এলাকায় ইরাকি বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই চলছে, সেই রণাঙ্গনের আশপাশেও মার্কিন সামরিক জনবল মোতায়েন করা হবে না বলেই জানিয়েছেন তাঁরা।

ওবামা গত সোমবার বলেছেন, আইএস জঙ্গিদের দখলে চলে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারে ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার সম্পূর্ণ কৌশল এখনো তাঁর কাছে নেই। বর্তমানে ইরাকের এক-তৃতীয়াংশ এলাকা ওই জঙ্গিদের নিয়ন্ত্রণে।

গত মাসে রামাদির পতনের ঘটনায় যুক্তরাষ্ট্র ইরাকি বাহিনীর ‘মনোবলের ঘাটতি ও দুর্বলতার’ কড়া সমালোচনা করে। ওয়াশিংটন এরপর থেকে ইরাকের সরকারি বাহিনীকে অস্ত্রশস্ত্র দেওয়ার কাজ ত্বরান্বিত করার পাশাপাশি প্রশিক্ষণ কর্মসূচির উন্নয়ন ঘটানোর উপায় খতিয়ে দেখছে।

আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের কয়েক মাসের বিমান হামলা দৃশ্যত তাদের ততটা কাবু করতে সক্ষম হয়নি। এতে করে আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন কৌশল পর্যালোচনা করার দাবি উঠেছে।

নতুন করে সেনা প্রশিক্ষক পাঠানোর ঘোষণা দিলেও ওবামার সমালোচকদের মুখ বন্ধ হবে না বলেই মনে করা হচ্ছে। সমালোচকদের যুক্তি, জঙ্গিদের বিরুদ্ধে চলমান লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে এই ‘সামান্যসংখ্যক’ মার্কিন উপস্থিতি মোটেও যথেষ্ট নয়।