ইরাকে নতুন সরকার গঠনের আহ্বান প্রেসিডেন্টের

ডেপুটি স্পিকার আলী আবাদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ইরাকে নতুন সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম। ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়।
টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম বলেন, তিনি আশা করেন নতুন সরকার গঠনে ডেপুটি স্পিকার আবাদি কাজ করে যাবেন এবং এই উদ্যোগ ‘ইরাকের জনগণকে রক্ষা করবে’।
খবরে বলা হয়, ইরাকের শিয়া-সমর্থক দলগুলো বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকির পরিবর্তে আলী আবাদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। তবে মালিকি পরিষ্কারভাবে বলেছেন, তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চান। এমনকি এ ব্যাপারে প্রেসিডেন্টের সঙ্গে আইনি লড়াইয়ে যেতে চান বলেও জানিয়েছেন তিনি।
ইরাকের উত্তরাঞ্চলে সুন্নিপন্থী আইএসআইএল বিদ্রোহীদের তত্পরতা ইতিমধ্যেই আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি করেছে। সেখানকার বাসিন্দা কুর্দি জনগোষ্ঠীর লোকজন ইতিমধ্যেই আইএসআইএল-সমর্থকদের হটাতে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি চেয়েছে।
সম্প্রতি আইএসআইএল ইরাকের উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। সংগঠনটি জোর করে হাজার হাজার ধর্মীয় সংখ্যালঘুকে ঘরবাড়ি ছাড়া করেছে।