ইরাকে নতুন সরকারে অংশ নেবে সুন্নিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্নি অধ্যুষিত এলাকার উপজাতি ও ধর্মীয় নেতারা বলেছেন, ইরাকের নতুন সরকারে ডাক পেলে তাঁরা শর্ত সাপেক্ষে অংশ নেবেন। এদিকে উত্তর ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের একটি গ্রামে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর এএফপি ও আল-জাজিরার।
সুন্নি নেতাদের মুখপাত্র তাহা মোহাম্মদ আল-হামদুন গত শুক্রবার জানান, বিভিন্ন প্রদেশের সুন্নি প্রতিনিধিরা দাবি-দাওয়ার একটি তালিকা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া উদারপন্থী হায়দার আল-ইবাদিকে দেবেন।
ইবাদি শুক্রবার বলেছেন, সামনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজের ফেসবুক পাতায় পোস্ট করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি অবাস্তব কোনো প্রতিশ্রুতি দেবেন না। দেশকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করায় উৎসাহ দেবেন।
ইরাকে গত ৩০ এপ্রিল পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই নতুন সরকার গঠন নিয়ে টানাপোড়েন চলছিল। ২০০৩ সালে মার্কিন অভিযানে স্বৈরশাসক সাদ্দাম হোসেন উৎখাত হওয়ার পর দায়িত্ব নেওয়া যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট মালিকি নতুন মেয়াদে ফের দায়িত্ব নেওয়ার আকাঙ্খা প্রকাশ করলেও তাঁর ব্যাপারে বিভিন্ন মহলের আপত্তি ছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার মালিকি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
কুর্দি কর্মকর্তারা বলেছেন, আইএস জঙ্গিরা স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় উত্তর ইরাকের সিনজার শহর থেকে ৩০ মাইল দূরে অবস্থিত কোচো গ্রামে প্রবেশ করে। এ সময় তারা গ্রামবাসীকে হয় ইসলাম গ্রহণ, নতুবা মৃত্যুকে বেছে নিতে বলে। পরে এক ঘণ্টার মধ্যে তারা ৮০ জনকে স্থানীয় একটি স্কুলে জড়ো করে হত্যা করে। ওদিকে মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল বলেছে, আইএস জঙ্গিরা সিরিয়ার পূর্বাঞ্চলে দুই সপ্তাহের মধ্যে একটি আদিবাসী গোষ্ঠীর সাত শতাধিক সদস্যকে হত্যা করেছে।
ইরাকে গতকাল শনিবার নতুন করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর ইরাকে অবস্থিত মসুল বাঁধের কাছে চালানো ওই বিমান হামলায় ১৫ জনের মতো ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া জঙ্গিদের হাতে অবরুদ্ধ সিনজার পাহাড় এলাকাতেও তাদের ওপর গতকাল বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।