ইরাকে পার্লামেন্টে চড়াও শিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের পার্লামেন্ট নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব অনুমোদনে ব্যর্থ হওয়ায় গতকাল প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল-সদরের শত শত বিক্ষুব্ধ সমর্থক প্রতিবাদ জানায়। এক পর্যায়ে তাঁরা ‘সংরক্ষিত’ গ্রিন জোনের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে ঢুকে পড়ে l ছবি: রয়টার্স
ইরাকের পার্লামেন্ট নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব অনুমোদনে ব্যর্থ হওয়ায় গতকাল প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল-সদরের শত শত বিক্ষুব্ধ সমর্থক প্রতিবাদ জানায়। এক পর্যায়ে তাঁরা ‘সংরক্ষিত’ গ্রিন জোনের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে ঢুকে পড়ে l ছবি: রয়টার্স

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল-সদরের হাজারো বিক্ষুব্ধ সমর্থক গতকাল শনিবার পার্লামেন্ট ভবনে চড়াও হন। এমপিরা সরকারে সংস্কার আনায় আবারও ব্যর্থ হওয়ায় ওই শিয়ারা রাজধানীর উচ্চ নিরাপত্তা এলাকা ‘গ্রিন জোনের’ উঁচু বেষ্টনী ভেঙে পার্লামেন্টে ঢুকে পড়েন। বিক্ষোভকারীরা এমপিদের পার্লামেন্ট ত্যাগে বাধা দেন ও দুর্নীতিবিরোধীসহ বিভিন্ন স্লোগান দেন।
শিয়া নেতা মোকতাদা আল-সদর বেশ কিছুদিন ধরে কয়েকজন মন্ত্রীকে সরিয়ে সে জায়গায় নির্দলীয় টেকনোক্র্যাটদের নিয়োগ দিতে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিকে চাপ দিয়ে আসছেন। কিন্তু মন্ত্রিসভা সংস্কারের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে ইরাকি পার্লামেন্টের প্রভাবশালী দলগুলো। গতকালও অধিবেশনে কোরাম পূরণ না হওয়ায় প্রস্তাবটি ঝুলে যায়। এতে মোকতাদার সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
৭৯৯ খ্রিষ্টাব্দে প্রয়াত একজন শিয়া ধর্মীয় নেতার স্মরণ অনুষ্ঠান উপলক্ষে বাগদাদে আগে থেকেই কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। এরই মধ্যে গতকাল বাগদাদের উপকণ্ঠে সেই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া লোকজনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটলে অন্তত ২৩ জন নিহত হয়।
আল-সদরের সমর্থকেরা রাজপথে বিক্ষোভের পর গ্রিন জোনের দিকে রওনা হন। তাঁরা এ এলাকা ঘিরে থাকা কংক্রিটের উঁচু দেয়ালের মাথায় মোটা তার বেঁধে তা টেনে নামিয়ে আনেন। এভাবে ফাঁক বের করে সেখান দিয়ে পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তাঁরা মূল অধিবেশন হলেও ঢুকে পড়েন। কেউ কেউ বিভিন্ন কক্ষে ভাঙচুর করেন। কেউ আবার ‘শান্তিপূর্ণভাবে, ‘শান্তিপূর্ণভাবে’ বলে চিৎকার করেন।
নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তাঁরা বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবনে প্রবেশ করতে বাধা দেননি।
সরকারি পদে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দুর্নীতিতে উৎসাহ দেওয়ার অভিযোগ রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে। এ জন্য সম্প্রতি মন্ত্রিসভা সংস্কারের উদ্যোগ নেন ২০১৪ সালে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
গাড়িবোমা হামলায় নিহত ২৩: রয়টার্স জানায়, আত্মঘাতী গাড়িবোমা হামলায় বাগদাদের উপশহরে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।
পুলিশ সূত্র বলছে, উত্তর বাগদাদে শিয়া ইমাম মুসা খাদিমের মাজারে যাচ্ছিলেন শিয়া ধর্মাবলম্বী পুণ্যার্থীরা। এ সময় এক আত্মঘাতী হামলাকারী গাড়ি চালিয়ে ওই পুণ্যার্থীদের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটান।
ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, গাড়িটিতে তিন টন বিস্ফোরক ছিল।
এক দশক আগে বাগদাদে প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটত। এখন সেখানকার নিরাপত্তা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। তবে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক লোকদের লক্ষ্য করে এখনো প্রায়ই হামলা হচ্ছে।
মার্কিন সামরিক অভিযানে সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে সৃষ্ট অরাজক পরিস্থিতির ধারাবাহিকতায় উগ্র সুন্নি সংগঠন আইএসের উত্থান। তারা ইরাক ও সিরিয়ার বড় একটি অংশ দখল করে নেয়। ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে। জঙ্গিগোষ্ঠীটি ইরাকের শিয়া-সুন্নি দ্বন্দ্ব আরও প্রকট করে তুলেছে।