ইরাকে ফের মার্কিন হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে মার্কিন সামরিক অভিযান অবসানের মেয়াদ তিন বছরও পূর্ণ হলো না। এর আগেই মার্কিন বোমা হামলায় আবারও প্রকম্পিত হলো যুদ্ধবিধ্বস্ত দেশটি। গতকাল শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলের কাছে বোমা হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর এএফপি, বিবিসি, আল-জাজিরা ও দি ইনডিপেনডেন্টের।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি এফ/এ-১৮ যুদ্ধবিমান থেকে একটি ভ্রাম্যমাণ গোলন্দাজ সরঞ্জামে ২২৫ কেজি ওজনের লেজার নিয়ন্ত্রিত বোমা নিক্ষেপ করা হয়েছে, যা কুর্দিদের দমনে সুন্নি কট্টরপন্থীদের সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ব্যবহার করছিল।
সুন্নি কট্টরপন্থীদের হাতে ইয়াজিদি সংখ্যালঘুদের ‘গণহত্যা’ এবং স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে কট্টরপন্থীদের প্রবেশ ঠেকাতে গত বৃহস্পতিবার রাতে এ বিমান হামলার অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘যেখানে নিষ্পাপ মানুষজনের ভয়ংকর সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে ইরাক সরকার সাহায্যের আবেদন জানিয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র চোখ বন্ধ করে থাকতে পারে না।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ওবামার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র এই রাষ্ট্র এই অভিযানে অংশ নিচ্ছে না। প্রধানমন্ত্রী ক্যামেরনের ডাউনিং স্ট্রিট কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের পরিকল্পনায় সামরিক অভিযানের বিষয়টি নেই।’
ইরাকের সিনজার পর্বতে অবরুদ্ধ ইয়াজিদি সংখ্যালঘুদের বিপদের কথা উল্লেখ করে ওবামা বলেন, ‘সম্ভাব্য গণহত্যা রোধে আমরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি। এ জন্য অবরুদ্ধ ওই নাগরিকদের রক্ষায় আমি ইরাকি বাহিনীকে সহায়তা করতে প্রয়োজনে লক্ষ্যবস্তু নির্ধারণ করে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছি।’
ইরাকের উত্তরাঞ্চলীয় ওই পর্বতে ইয়াজিদি সম্প্রদায়ের কয়েক হাজার মানুষকে অবরুদ্ধ করে রেখেছে আইএস। প্রায় চার হাজার বছরের পুরোনো একটি মতবাদের অনুসারী এই ইয়াজিদি সম্প্রদায়ের লোকজন।
ওবামা বলেন, ইসলামি কট্টরপন্থীরা আরবিল নগরের দিকে অগ্রসর হলে তারা মার্কিন যুদ্ধবিমানের লক্ষ্যবস্তু হতে পারে। সেখানে মার্কিন কূটনীতিক ও ইরাকি বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের উপদেষ্টারা অবস্থান করছেন। তিনি বলেন, ‘আরবিল শহরের কনস্যুলেট এবং বাগদাদে থাকা দূতাবাসসহ ইরাকের কোথাও যদি তারা আমাদের জন্য হুমকি হয়ে দেখা দেয়, তাহলে আমরা এর জবাব দেব।’
মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, কট্টরপন্থীরা গোটা ইয়াজিদি সম্প্রদায়কে ‘সুকৌশলে নিশ্চিহ্ন করার’ চেষ্টা চালাচ্ছে। তারা ‘গণহত্যা’ চালাবে। তিনি বলেন, এই সপ্তাহের শুরুর দিকে একজন ইরাকি বিশ্ববাসীর কাছে কেঁদে আকুতি জানিয়েছেন যে তাঁদের সহায়তায় কেউ এগিয়ে আসছে না। তাই যুক্তরাষ্ট্র তাঁদের সাহায্য করতে এগিয়ে আসছে। তিনি বিমান হামলার পক্ষে সাফাই গেয়ে বলেন, ওয়াশিংটনের কুর্দি মিত্রদেরও হুমকি দিয়েছে কট্টরপন্থীরা।
পেন্টাগন জানায়, সি-১৭ ও সি-১৩০ নামের দুটি বিমান থেকে সিনজার পর্বত এলাকায় ইয়াজিদি সম্প্রদায়ের হাজারো মানুষের জন্য খাওয়ার পানি ও খাবার ফেলা হয়েছে। বিমান দুটি কম উচ্চতায় মাত্র ১৫ মিনিট ওই এলাকায় অবস্থান করে।
এর আগে ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে উৎখাতে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইরাকে ২০০৩ সালের ২০ মার্চ হামলা চালায়। ওই যুদ্ধে ইরাকের অন্তত ৫৫ হাজার বেসামরিক মানুষ নিহত হয়। উৎখাত হন সাদ্দাম হোসেন। ২০১১ সালের ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ইরাক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে ওবামা প্রশাসন। এরপর তিন দিনের মাথায় ১৮ ডিসেম্বর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করা হয়। সেই থেকে বিভিন্ন সময়ে জাতিগত লড়াইয়ে ইরাক রক্তাক্ত হলেও যুক্তরাষ্ট্র কখনো হস্তক্ষেপ করেনি।
পোপের আহ্বান: ইরাকের উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনকে রক্ষায় পদক্ষেপ গ্রহণ ও তাঁদের মানবিক সাহায্য প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, ‘যে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে, তার অবসান ঘটান ও সহিংসতায় হুমকিগ্রস্ত লোকজনকে রক্ষায় পদক্ষেপ গ্রহণ করুন আর তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করুন। বিশেষ করে যারা গৃহহীন হয়ে পড়েছে ও অন্যের ওপর নির্ভরশীল, তাদের প্রতি জরুরি ভিত্তিতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।’