ইরাকে বাড়তি দেড় হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে আন্তর্জাতিক জোট সেখানে আরও দেড় হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার এ কথা জানিয়েছেন। এদিকে আইএসবিরোধী লড়াই পর্যালোচনা করতে অঘোষিত সফরে বাগদাদ গিয়েছেন বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। খবর বিবিসি ও এএফপির।
আইএসবিরোধী লড়াইয়ের সমন্বয়কারী মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জেমস টেরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরাকে তিন হাজার ১০০ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। আইএসবিরোধী জোট বাড়তি যে দেড় হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, তা ওই তিন হাজার ১০০ সেনার বাইরে। অবশ্য এই বাড়তি দেড় হাজার সেনা জোটের কোন কোন দেশ দেবে বা তাদের ভূমিকা কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
হেগেল বাগদাদে: অঘোষিত সফরে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। গতকাল মঙ্গলবার বাগদাদে অবতরণের পরপরই তিনি মার্কিন ও অস্ট্রেলীয় সেনাদের একটি দলের সঙ্গে কথা বলেন। পরে আইএসবিরোধী লড়াইয়ের সর্বশেষ অবস্থা নিয়ে তাঁর বাগদাদে অবস্থানরত মার্কিন সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করার কথা ছিল।