ইরাকে বিমান হামলার অনুমোদন ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুর্দি শহর দহুকের একটি স্কুলে আশ্রয় নেওয়া ইরাকি ইয়াজিদি সম্প্রদায়ের দুই শিশু। ছবি: এএফপি
কুর্দি শহর দহুকের একটি স্কুলে আশ্রয় নেওয়া ইরাকি ইয়াজিদি সম্প্রদায়ের দুই শিশু। ছবি: এএফপি

ইরাকে ইসলামি উগ্রপন্থীদের কবল থেকে ইয়াজিদি সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় মার্কিন বিমান হামলার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার তিনি এ অনুমোদন দেন বলে আজ এএফপির খবরে জানানো হয়।

ইরাকের সিনজার পর্বতে অবরুদ্ধ ইয়াজিদি সংখ্যালঘুদের বিপদের কথা উল্লেখ করে ওবামা বলেন, ‘সম্ভাব্য গণহত্যা রোধে আমরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।’ তিনি বলেন, ‘এ জন্য অবরুদ্ধ ওই নাগরিকদের রক্ষায় ইরাকি বাহিনীকে সহায়তা করতে প্রয়োজনে লক্ষ্যবস্তু নির্ধারণ করে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছি।’

ইরাকের উত্তরাঞ্চলীয় ওই পর্বতে ইয়াজিদি সম্প্রদায়ের কয়েক হাজার মানুষকে অবরুদ্ধ করে রেখেছে ইসলামিক স্টেট মিলিট্যান্ট বলে পরিচিত ইসলামি উগ্রপন্থীরা। তাদের হাতে ওই সম্প্রদায়ের মানুষ নির্মূল হওয়ার আশঙ্কা রয়েছে।

ওবামা বলেন, ইসলামি উগ্রপন্থীরা আরবিল নগরের দিকে অগ্রসর হলে তারা মার্কিন যুদ্ধবিমানের লক্ষ্যবস্তু হতে পারে। সেখানে মার্কিন কূটনীতিক ও ইরাকি বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের উপদেষ্টারা অবস্থান করছেন। তিনি বলেন, ‘আরবিল শহরের কনস্যুলেট এবং বাগদাদে থাকা দূতাবাসসহ ইরাকের কোথাও যদি তারা আমাদের জন্য হুমকি হয়ে দেখা দেয়, তাহলে আমরা এর জবাব দেব।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই সপ্তাহের শুরুর দিকে একজন ইরাকি বিশ্ববাসীর কাছে কেঁদে আকুতি জানিয়েছেন যে তাঁদের সহায়তায় কেউ এগিয়ে আসছে না। তাই যুক্তরাষ্ট্র সাহায্যে করতে এগিয়ে আসছে।

পেন্টাগন জানায়, সি-১৭ ও সি-১৩০ নামের দুটি বিমান থেকে সিনজার পর্বত এলাকায় ইয়াজিদি সম্প্রদায়ের হাজারো মানুষের জন্য খাওয়ার পানি ও খাবার ফেলা হয়। বিমান দুটি কম উচ্চতায় মাত্র ১৫ মিনিট ওই এলাকায় অবস্থান করে।

মাউন্ট সিনজারের মতো পরিস্থিতির কথা উল্লেখ করে ওবামা বলেন, ‘যেখানে নিষ্পাপ মানুষজনের ভয়ংকর সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে ইরাক সরকার সাহায্যের আবেদন জানিয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র চোখ বন্ধ করে থাকতে পারে না।’ তিনি বলেন, ‘কমান্ডারপ্রধান হিসেবে তিনি চান না ইরাকের অন্য কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক। সেখানে কোনো স্থলবাহিনী তিনি পাঠাবেন না।