ইরাকে বোমা হামলায় নিহত ৩৫
ইরাকের বিভিন্ন স্থানে বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। গত শুক্রবার একটি সুন্নি মসজিদে হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলার ঘটনাগুলো ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আজ রোববার রয়টার্সের এক খবরে বলা হয়, এ হামলার ফলে দেশটিতে জাতিগত সহিংসতা আবারও বড় আকারে ছড়িয়ে পড়ছে।
গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলের কুর্দি সংখ্যাগরিষ্ঠ তুলনামূলক স্থিতিশীল আধা স্বায়ত্তশাসিত অঞ্চল আরবিলে বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় এক টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা একটি গাড়ির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এদিকে কুর্দি বাহিনীকে লক্ষ্য করে কিরকুক শহরে পৃথক তিনটি হামলা চালানো হয়। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে। বাগদাদের একটি গোয়েন্দা কার্যালয়ে গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। তিকরিত শহরে আত্মঘাতী হামলা চালিয়ে নয়জন শিয়া যোদ্ধাকে হত্যা করা হয়।
গত শুক্রবার দিয়ারা প্রদেশের একটি সুন্নি মসজিদে হামলা চালিয়ে ৬৮ জনকে গুলি করে শিয়া মিলিশিয়ারা। হামলার প্রতিবাদে ইরাকে নতুন সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করেছে সুন্নি সম্প্রদায়ের দুই প্রভাবশালী নেতা সালেহ মুতলাক ও সালিম আল জিবুওয়ারি।
২০০৬-০৭ সালে গৃহযুদ্ধের সময়কার মতো বোমা হামলা, অপহরণ ও গুলি করে হত্যার ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে। এসব হামলা ও সহিংসতায় প্রতিদিনই প্রাণহানি হচ্ছে।