ইরাকে ভারতীয় ও সিরিয়ায় মার্কিন 'জিহাদি' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ায় সুন্নি কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে লড়াই করতে পশ্চিমা দেশের নাগরিকসহ বিদেশিদের যোগ দেওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ জঙ্গিদের হয়ে লড়াইয়ে সিরিয়ায় এক মার্কিন ও ইরাকে এক ভারতীয়র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এএফপি, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, আইএস ছাড়া কট্টরপন্থী আরও কিছু সংগঠনে যোগ দিচ্ছে বিদেশি মুসলিমরা।
এক ভারতীয়র মৃত্যুর খবর: ভারতের মহারাষ্ট্র থেকে ইরাকে আইএসের পক্ষে যুদ্ধ করতে যাওয়া চারজন মুসলিমের মধ্যে এক যুবক নিহত হয়েছে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবর বলা হয়, নিহত যুবকের নাম আরিফ মজিদ। আরিফসহ চার প্রকৌশলের ছাত্র কয়েক মাস আগে ইরাকে যায়। পরিবারের কাছে লেখা চিঠিতে আরিফ জানায়, সে ইসলাম রক্ষার জন্য লড়াইয়ে যোগ দিচ্ছে। মঙ্গলবার সঙ্গীদের একজন ফোন করে তাঁর পরিবারকে জানায়, সে মসুলে এক বিস্ফোরণে নিহত হয়েছে।
সিরিয়ায় নিহত মার্কিন নাগরিক: এদিকে সিরিয়ায় আইএসের পক্ষে লড়াই করতে গিয়ে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে গত মঙ্গলবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ডগলাস ম্যাককেইন নামের ওই ধর্মান্তরিত মার্কিন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হন।
১৫ অস্ট্রেলীয় নিহত: অস্ট্রেলিয়ার গোয়েন্দাপ্রধান ডেভিড আরভিন গতকাল জানিয়েছেন, সিরিয়া ও ইরাকে লড়াইয়ে অন্তত ১৫ অস্ট্রেলীয় নিহত হয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদেশে গিয়ে আইএসের মতো কট্টরপন্থী সংগঠনগুলোতে যোগ দেওয়ার অস্ট্রেলীয়র সংখ্যা দিন দিন বাড়ছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু সিরিয়াতেই অন্তত ১২ হাজার বিদেশি নাগরিক কট্টরপন্থী বিভিন্ন গোষ্ঠীর হয়ে লড়াই করছে, যারা বিশ্বের ৫০টি দেশ থেকে যোগ দিয়েছে।