ইরাকে মসুল বাঁধের কাছে তীব্র লড়াই
ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত মসুল বাঁধের আশপাশে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। কুর্দি যোদ্ধারা গত রোববার বাঁধটি ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধারের দাবি করেছিল। ইরাকি বাহিনীও গতকাল সোমবার একই দাবি করে। খবর রয়টার্স, বিবিসি ও আল-জাজিরার।
মসুল বাঁধটি ৭ আগস্ট দখল করে নেয় আইএসের জঙ্গিরা। ইরাকের বৃহত্তম এই বাঁধটি পুনরুদ্ধারে সহায়তা করতে রোববার ১৪ দফা ও শনিবার নয় দফা বিমান হামলা চালানো হয় বলে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মসুল বাঁধ পুনরুদ্ধারে ইরাকি বাহিনীকে সহায়তা করতে বিমান হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থেই।
মার্কিন বিমান হামলার সমর্থন নিয়ে স্থানীয় স্বায়ত্তশাসিত কুর্দি এলাকার পেশমেরগা বাহিনী আইএসের জঙ্গিদের বিরুদ্ধে অগ্রসর হয়। পরে বাঁধটি পুরোপুরি দখলমুক্ত করা হয়েছে বলে রোববার দাবি করেন কুর্দি এলাকার একজন শীর্ষস্থানীয় রাজনীতিক। আর গতকাল ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কাশিম আত্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, কুর্দি পেশমেরগা বাহিনী ও ইরাকি সন্ত্রাসবিরোধী বাহিনীর যোদ্ধারা মসুল বাঁধ থেকে জঙ্গিদের হটিয়ে দিয়েছে।