সাদ্দামের সমাধিসৌধ ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের তিকরিত শহরে যুদ্ধে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সমাধিসৌধ ধ্বংস হয়ে গেছে। তিকরিত শহর থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হটাতে ইরাকি বাহিনী ও ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়ারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত জুন মাসে শহরটি দখল করে নেয় আইএস।

আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সাদ্দামের জন্মশহর তিকরিতের কাছে যুদ্ধে তাঁর সমাধিসৌধ প্রায় পুরোপুরি ধুলায় মিশে গেছে।

আল-আওজা গ্রামে সাদ্দামের সমাধিসৌধ অবস্থিত। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার গতকাল রোববার ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, একসময়কার জাঁকজমকপূর্ণ সেই সমাধিসৌধ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন শুধু সমাধিসৌধের কিছু স্তুম্ভ ঠায় দাঁড়িয়ে আছে।

গত বছর স্থানীয় সুন্নিরা দাবি করেন, তাঁরা ওই সমাধি থেকে সাদ্দামের দেহাবশেষ সরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন। তবে গত আগস্টে আইএস দাবি করেছিল, সাদ্দামের সমাধিসৌধ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আইএসের এই দাবি নাকচ করেন স্থানীয় কর্মকর্তারা। তাঁরা দাবি করেন, সমাধিসৌধে তাণ্ডব চালানো হয়েছে। এতে সামান্য ক্ষতি হয়েছে।

২০০৩ সালে মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েন ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম। পরে তাঁর বিরুদ্ধে শিয়া মুসলিম ও কুর্দিদের হত্যা করার অভিযোগ এনে ইরাকের একটি ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ২০০৬ সালে সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়।