ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে ৪৫ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে ইসলামপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। আজ মঙ্গলবার দেশটির পশ্চিমের শহর আল-বাগদাদিতে এ ঘটনা ঘটেছে।

বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, গত সপ্তাহে আল-বাগদাদি শহরের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণে নেয় আইএস জঙ্গিরা।

এতগুলো মানুষকে একসঙ্গে কেন পুড়িয়ে মারা হলো কিংবা যাদের মারা হয়েছে তাদের পরিচয় কী, এ বিষয়ে এখনো জানা যায়নি। দুর্বল যোগাযোগব্যবস্থা এবং ওই অঞ্চলে লড়াই চলার কারণে এসব তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ইরাকের সামরিক কর্মকর্তা কর্নেল কাশিম আল-ওবেইদি জানান, হতাহতরা নিরাপত্তাবাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের ঘরবাড়ি বর্তমানে আইএসের হামলার শিকার হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন করেছেন।

চলতি মাসের শুরুতে জর্ডানের এক পাইলটকে জীবন্ত পুড়িয়ে মারার ভিডিওচিত্র প্রকাশ করে আইএস। গত ডিসেম্বরে ওই পাইলটের উড়োজাহাজটি সিরিয়ায় বিধ্বস্ত হয়েছিল।