ইরাকে 'কয়েকজন' মার্কিন নাগরিক অপহৃত
ইরাকের রাজধানী বাগদাদে ‘কয়েকজন’ মার্কিন নাগরিক অপহৃত হয়েছেন। বাগদাদের মার্কিন দূতাবাস এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘অপহৃত ব্যক্তিদের অবস্থান জানতে ও তাঁদের উদ্ধারে আমরা ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতার ভিত্তিতে কাজ করছি।’
অপহৃত ব্যক্তিদের সংখ্যা নিয়ে অসমর্থিত সূত্র থেকে কিছু তথ্য পাওয়া গেছে। ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বলছে, তিনজন আমেরিকান ও একজন ইরাকি দোভাষী বাগদাদের দক্ষিণাঞ্চলে আটক আছেন।
তবে কতজন মার্কিন নাগরিক অপহৃত হয়েছেন এবং তাঁরা কোথায় আছেন, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
বাগদাদের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, গত শুক্রবার তিনজন ঠিকাদার নিখোঁজ হয়েছেন।
ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, একটি কোম্পানি গতকাল রোববার অভিযোগ করেছে, দুদিন আগে তাদের তিনজন কর্মী নিখোঁজ হয়েছেন। তাঁরা আমেরিকান ঠিকাদার। অভিযোগের বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেন, বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।