মসুল বাঁধের নিয়ন্ত্রণ, ইরাকের কুর্দিদের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের কুর্দি বাহিনী গতকাল রোববার ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দখল থেকে মসুল বাঁধের নিয়ন্ত্রণ নিয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মসুল হলো ইরাকের সবচেয়ে বড় বাঁধ। আইএস জঙ্গিরা ৭ আগস্ট বাঁধটি দখলে নিয়েছিল। খবর এএফপি ও বিবিসির।
কুর্দিদের প্রধান দলের একজন নেতা আলী আওনি জানান, মসুল বাঁধ পুরোপুরি দখলমুক্ত করা হয়েছে। এখন যুদ্ধ হচ্ছে পার্শ্ববর্তী তাল কাইফ এলাকায়। অন্য কয়েকটি সূত্রও বলছে, মসুল বাঁধের নিয়ন্ত্রণ এখন কুর্দি বাহিনীর হাতে।
মসুলের বাঁধটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। সেখান থেকে ইরাকের উত্তরাঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটি অচল করে দিতে পারলে আশপাশের অঞ্চলে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। জিহাদিরা এখন ইরাক ও গৃহযুদ্ধকবলিত সিরিয়ার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। মসুলের বাঁধ এলাকা এবং ইরবিলে মার্কিন বিমান থেকে শনিবার নয়টি হামলার খবর পাওয়া গেছে। এ সময় আইএসের জঙ্গিদের বহনকারী ১৪টি যানবাহনে আঘাত হানা হয়। বাঁধের পুনর্দখল নিতে গতকাল রোববার সকাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে বিমান হামলা শুরু করে কুর্দি বাহিনী। যুক্তরাষ্ট্র বলছে, সাম্প্রতিক অভিযানে তারা আইএসের ১৯টি গাড়ি ধ্বংস করেছে।
সহিংসতা ও রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে শিয়া রাজনীতিক নুরি আল-মালিকি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে পরাশক্তিগুলো আইএস জঙ্গিদের দমনে কুর্দি বাহিনীকে সহায়তা দিতে শুরু করে।
ক্যামেরনের হুঁশিয়ারি: প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইএসের জঙ্গিরা যুক্তরাজ্যের মাটিতে জনগণের ওপর হামলা চালানোর মতো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি সানডে টেলিগ্রাফ পত্রিকায় লিখেছেন, আইএসের প্রতি ‘মানবিক সাড়া’ নয়, বরং তাদের মোকাবিলায় ‘দৃঢ় নিরাপত্তাব্যবস্থা’ নেওয়া প্রয়োজন।
সিরিয়ায় ৭০০ জনকে হত্যা: আইএসের জঙ্গিরা সিরিয়ার দেইর এজ্জুর প্রদেশে দুই সপ্তাহে ৭০০ জন উপজাতীয়কে হত্যা করেছে। ‘বিশ্বস্ত সূত্রের’ বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে আইএস।