ইরাকের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাদিথা শহরে বড় ধরনের হামলা শুরু করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তিন দিনের লড়াইয়ে সেখানে কয়েক শ লোকের প্রাণহানি হয়েছে। শহরটির চারপাশে এখনো প্রচণ্ড লড়াই চলছে। স্থানীয় একটি উপজাতি সূত্র গত মঙ্গলবার এ খবর দিয়েছে। খবর আল-জাজিরার।
হাদিথা শহরটি ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের অন্তর্ভুক্ত। দিন দশেক আগে এই আনবারেরই রাজধানী রামাদি থেকে আইএসকে হটিয়ে দিতে সক্ষম হয় ইরাকের সরকারি বাহিনী। ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বড় একটা এলাকা দখল করে কথিত ‘খিলাফত রাষ্ট্র’ গঠনের ঘোষণা দেওয়ার পর এটাই আইএসের সবচেয়ে বড় পরাজয়।
হাদিথা শহরে আইএসের প্রবেশ ঠেকাতে লড়াইরত দুটি উপজাতি গোষ্ঠীর একটির প্রখ্যাত সদস্য নাঈম আলকোয়াদ জানান, বিভিন্ন তল্লাশিচৌকিতে আইএসের হামলায় কয়েক ডজন ইরাকি নিরাপত্তা বাহিনীর কর্মী ও উপজাতি যোদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে উপজাতি-নেতৃত্বাধীন বাহিনী অন্তত আড়াই শ আইএস যোদ্ধাকে হত্যা করেছে। এ ছাড়া আইএসের শতাধিক গাড়ি ধ্বংস করা হয়েছে।
আইএসের জঙ্গিরা অনেক বেসামরিক নাগরিককে জিম্মি করেছে বলেও বিভিন্ন খবরে বলা হচ্ছে।
আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলা অকার্যকর বলে মন্তব্য করেন আলকোয়াদ। তিনি জানান, আইএসের যোদ্ধারা প্রতিবেশী সিরিয়ার বিভিন্ন স্থান থেকে যোদ্ধাদের হাদিথা এলাকায় ভিড়িয়েছে। পাশাপাশি তারা হাদিথার আশপাশের বিভিন্ন গ্রাম ও শহরের সামরিক স্থাপনা থেকে অস্ত্রশস্ত্র জব্দ করেছে। এতে করে তারা হাদিথার ওপরে অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে।
হাদিথা শহরের মেয়র মুবারক হামিদ শহরটিকে রক্ষায় লড়াইরত যোদ্ধাদের জন্য অবিলম্বে সহায়তা পাঠাতে বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উপজাতি যোদ্ধারা হাদিথা শহরের চারপাশে যে প্রতিরোধবলয় তৈরি করেছিল, তা আইএসের হামলার কারণে ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে তারা কয়েক দফায় আত্মঘাতী হামলাও চালিয়েছে।
আল-জাজিরার ইরাক সম্পাদক হামিদ হাদিদ বলছেন, ইরাকের চলমান সংঘাতে হাদিথার বড় গুরুত্ব রয়েছে। এর প্রধান কারণ দুটি: শহরটি অবস্থানের কারণে কৌশলগত গুরুত্ব এবং আইএসকে প্রতিরোধ করার অসামান্য দক্ষতা। তিনি বলেন, হাদিথা শহরটি পশ্চিমাঞ্চলীয় আনবার ও মধ্যাঞ্চলের সালাউদ্দিন প্রদেশ ও উত্তরাঞ্চলীয় নিনেভাহ প্রশাসনিক এলাকার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আনবার প্রদেশের একমাত্র শহর, যেখানে বারবার আক্রমণ করেও সফল হতে পারেনি আইএস।