ইরান চুক্তির বিষয়ে আশ্বস্ত করতে কাতারে কেরি
উপসাগরীয় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গতকাল সোমবার কাতারের দোহায় বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শিয়াপন্থী ইরানের সঙ্গে পাশ্চাত্যের সম্প্রতি পারমাণবিক চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ এই সুন্নি মিত্রদের উদ্বেগ প্রশমনের চেষ্টা করছেন তিনি। খবর এএফপির।
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) ছয়টি দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আশঙ্কা, ওই চুক্তির ফলে শেষ পর্যন্ত পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হবে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের ভাষ্য, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখার নিশ্চয়তা পেতেই ওই চুক্তি করা হয়েছে। গতকালের বৈঠকে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সে বিষয়টিই বোঝানোর চেষ্টা করেছেন কেরি।
বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘জিসিসির পররাষ্ট্রমন্ত্রীদের আরও কোনো প্রশ্ন থেকে থাকলে, সেগুলোর জবাব দেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর জন্য এটা সত্যিই একটা সুযোগ। আশা করা যায়, তিনি তাঁদের সন্তুষ্ট করতে পারবেন এবং এটি নিশ্চিত করতে পারবেন যে, তাঁরা সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় সমর্থন দেবেন।’