
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের সমর্থন দেওয়া অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। গতকাল বৃহস্পতিবার পিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেরি এ কথা বলেন।
এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। খবর এএফপি ও রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিশ্চিতভাবেই ইরান থেকে উড়োজাহাজ যাচ্ছে ইয়েমেনে। প্রতি সপ্তাহেই তা যাচ্ছে। আমাদের কাছে এর প্রমাণ আছে। এটা আমরা জানি।’ কেরি আঞ্চলিক শক্তি ইরানের উদ্দেশে বলেন, ‘এই অঞ্চলটি অস্থিতিশীল হয়ে পড়লে বা কেউ সীমান্তের ওপারে যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্র বসে বসে দেখবে না, তা ইরানের বোঝা উচিত।’
যুক্তরাষ্ট্র সুন্নিপ্রধান সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীকে সমর্থন দিয়েছে। এই বাহিনী ইয়েমেনের ক্ষমতা দখলের চেষ্টা করা হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। হুতিদের উত্থানের পর গৃহবন্দী হওয়া প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি পালিয়ে সৌদি আরব চলে গেছেন।
পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে কেরি আরও বলেন, ইরানের সঙ্গে কোনো দ্বন্দ্ব চায় না যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র তার বন্ধুপ্রতিম দেশগুলোকে সংকটের সময় ছেড়ে যাবে না। তারা যখন কোনো বিপদে পড়বে, তখন যুক্তরাষ্ট্র পাশে গিয়ে দাঁড়াবে। ইরান সে রকম বিপদই তৈরি করছে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবসহ জোট বাহিনীভুক্ত দেশগুলো হুতিদের সহায়তা করার জন্য ইরানকে দায়ী করে আসছে। তবে ইরান বারবারই এই অভিযোগ অস্বীকার করেছে।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচিত প্রাথমিক চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনার পর দেশে এসে এটিই ছিল কেরির প্রথম সাক্ষাৎকার।
হামলা বন্ধের আহ্বান রুহানির: এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সৌদি আরব এবং তার সহযোগী দেশগুলোকে ইয়েমেনে হামলা চালানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গতকাল টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানান রুহানি। তিনি বলেন, ‘হামলা চালিয়ে এই বাহিনী সফল হবে না।’ ইয়েমেন সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। রুহানি বলেন, ‘ইয়েমেনের মতো একটি দেশ বোমা নিক্ষেপের লক্ষ্যবস্তু হতে পারে না। আসুন, আমরা সবাই কীভাবে যুদ্ধ বন্ধ করা যায় তা নিয়ে ভাবি। যুদ্ধবিরতি নিয়েও আমাদের ভাবতে হবে।’
সৌদি নেতৃত্বাধীন বাহিনী ইয়েমেনে দুই সপ্তাহ ধরে বিমান হামলা চালাচ্ছে। দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর এডেন থেকে হুতিদের হটানোর চেষ্টা করছে এই বাহিনী।
ইরানের প্রেসিডেন্ট রুহানি যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা বিবদমান পক্ষগুলোকে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য চেষ্টা করি। তাদের ভবিষ্যতের জন্যই এই আলোচনা দরকার। আমাদের মনে রাখতে হবে, ইয়েমেনের ভবিষ্যৎ ওই দেশের মানুষের হাতেই। বাইরের দেশের মানুষের হাতে নয়।’
যুদ্ধ চলছে: ইয়েমেন নিয়ে আন্তর্জাতিক মহলের এই বাদানুবাদের মধ্যে যুদ্ধ থেমে নেই। গতকাল হুতি বিদ্রোহীরা সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের অনুগত বাহিনীর সহায়তায় পূর্বাঞ্চলীয় প্রদেশ সাবাওয়ার রাজধানী আতাকে প্রবেশ করে। এলাকাটি সুন্নি-অধ্যুষিত। স্থানীয় অধিবাসীরা জানান, এলাকার কয়েকটি উপজাতি গোষ্ঠীর প্রধান এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা হুতিদের সহায়তা করে। হুতিরা স্থানীয় সরকার পরিষদ এবং নিরাপত্তা বাহিনীর দপ্তরগুলো দখল করে নিয়েছে। শহরটিতে হুতিরা এই প্রথম প্রবেশ করল।