
ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই স্থাপনা দেশটির পার্লামেন্ট ও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনির মাজারে গতকাল বুধবার আলাদাভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দায়িত্ব স্বীকার করা এ হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। আইএসের দাবি সত্যি হলে শিয়া মুসলিম-অধ্যুষিত ইরানে এটি তাদের প্রথম হামলা।
বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে এটাই ইরানে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। দেশটির মানুষকে গতকাল সকালের এ দুই হামলা নাড়িয়ে দিয়েছে। কারণ, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিবেশে থেকেও দেশটির জনগণ অনেক বেশি স্থিতিশীলতার সঙ্গে নিরাপত্তার মধ্যে দিন যাপন করে আসছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সম্পৃক্ত বলে দাবি করেছে ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ড বাহিনী। এক বিবৃতিতে এই হামলার প্রতিশোধের শপথ করেছে তারা।

রয়টার্সের খবরে বলা হয়, সন্ত্রাসে বিশেষ করে আইএসকে মদদ দেওয়ার অভিযোগে সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার তিন দিনের মাথায় ইরানে আইএসের হামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, প্রতিবেশী সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছে ইরান।
বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে হামলা চালানো উসকে দিতে এ বছরের শুরুতে আইএস অপপ্রচারে নেমেছিল। মার্চে প্রচারিত এক ভিডিওতে নিজেদের ‘আইএসের ইরানি যোদ্ধা’ হিসেবে পরিচয় দেয় একদল লোক। ফারসি ভাষার ওই প্রামাণ্যচিত্রে কথিত আইএস যোদ্ধারা ইরান সরকারের পাশাপাশি দেশটির আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ধর্মীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল। ইরানে সফলভাবে হামলা চালিয়ে আইএস এখন দাবি করতে পারে, প্রতিপক্ষ আল-কায়েদাসহ সুন্নি জঙ্গিগোষ্ঠীগুলো যা করতে ব্যর্থ হয়েছে, তারা তা বাস্তবে করে দেখিয়েছে।
এএফপি জানায়, খোমেনির মাজার লাখো শিয়া মুসলিমের জন্য একটি পবিত্র স্থান। রাজধানীর ১৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বেহেশত-ই-জারা গোরস্থানে খোমেনির এ সমাধিসৌধ। ইরানের মাশহাদ ও কোম নগরের পবিত্র মাজারের পর এখানেই বেশি অনুসারীর সমাগম হয়। সে কারণে মাজারটিতে শিয়াবিরোধী আইএসের হামলার বিশেষ তাৎপর্য রয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল সকালে চারজন সশস্ত্র হামলাকারী তেহরানের কেন্দ্রে অবস্থিত পার্লামেন্ট ভবনে হামলা চালায়। এর কিছুক্ষণ পর শহরটির দক্ষিণে অবস্থিত আয়াতুল্লাহ খোমেনির মাজারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান নারীর পোশাক পরা এক হামলাকারী।
পার্লামেন্টে হামলায় অন্তত একজন প্রহরী নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়। ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রাথমিক খবরে বলা হয়, জঙ্গিদের হাতে সাতজন নিহত হয়েছে। জরুরি সেবা বিভাগ বলেছে, দুই হামলায় ৪২ জন আহত হয়েছে। অন্যদিকে আইএসের দাবি, তাদের যোদ্ধাদের পরনে আত্মঘাতী ভেস্ট ছিল এবং তারা নিহত হওয়ার আগে ৬০ জনকে হত্যা বা আহত করেছে। আইএসের বার্তা সংস্থা আমাক দাবি করে, তেহরানের পার্লামেন্ট ভবন এবং খোমেনির মাজারে তাদের যোদ্ধারাই হামলা চালিয়েছে। একজন ‘নিরাপত্তা সূত্র’কে উদ্ধৃত করে আমাকের খবরে আরও বলা হয়, তাদের দুজন যোদ্ধা খোমেনির মাজারে ‘শহীদ হয়েছে’।
হামলাকারীরা পার্লামেন্ট ভবনের ভেতরে চারজনকে জিম্মি করেছিল বলে তাসনিম বার্তা সংস্থা নিশ্চিত করেছে। পরে টিভিতে সম্প্রচারিত খবরে দেখা যায়, হামলার পর স্বাভাবিকভাবেই পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে।
এমপি ইলিয়াস হজরতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, হামলাকারী ছিল তিনজন। এদের একজনের হাতে পিস্তল ও দুজনের কাছে একে-৪৭ রাইফেল ছিল। যদিও পরে বিভিন্ন খবরে বলা হয়েছে, পার্লামেন্টে হামলায় চারজন অংশ নেয়। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়েছে।
ইরানের প্রেস টিভির খবরে বলা হয়, পার্লামেন্টে হামলার আধ ঘণ্টা পরই আয়াতুল্লাহ খোমেনির সমাধিসৌধে একজন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। এতে মাজারে আসা কয়েকজন দর্শনার্থী আহত হয়। তেহরানের গভর্নর বলেন, মাজারে একজন হামলাকারী আত্মঘাতী হয়। আরেকজন নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায়।
অনমনীয় ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘আজ (বুধবার) যে “পটকাবাজি”র ঘটনা ঘটেছে, তা ইরানের জনগণের মনোবলের ওপর তিল পরিমাণ প্রভাবও ফেলবে না।’ দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা ও ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ইরান সন্ত্রাসবাদকে বরাবরই বৈশ্বিক সমস্যা মনে করে। এই উগ্রবাদ দমনে প্রয়োজন ঐক্য।’
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নিন্দা
তেহরানে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, জার্মানিসহ বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নওয়ার্ট বলেন, শান্তিপূর্ণ, সভ্য বিশ্বে সন্ত্রাসের অশুভ শক্তির ঠাঁই নেই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনার নিন্দা করে বলেছে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা জোরদার অবস্থান নিয়েছে। জার্মানি বলেছে, তারা ‘কঠোরতম ভাষায়’ এ হামলার নিন্দা জানায়।