ইরানে পার্লামেন্ট নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পার্লামেন্ট নির্বাচন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির রাজনৈতিক ও সামাজিক সংস্কারের প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপির।
পার্লামেন্টের পাশাপাশি ইরানের বিশেষজ্ঞ পরিষদেরও নির্বাচন হবে। দুটিতেই বর্তমানে রক্ষণশীলদের আধিপত্য রয়েছে। ইরানের রাজনীতি মূলত বিভিন্ন রাজনৈতিক দলের পরিবর্তে উদারপন্থী ও রক্ষণশীল এই দুই ভাগে বিভক্ত। আজকের নির্বাচনেও এই দুই পক্ষের পার্লামেন্ট সদস্য প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। ২৯০ আসনের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট রুহানি সরকারপন্থী ‘লিস্ট অব হোপ’ তালিকার এমপি পদপ্রার্থীদের সমর্থন দিয়েছেন। এই তালিকায় রয়েছেন উদারপন্থী ও সংস্কারপন্থীরা।
অন্যদিকে রক্ষণশীল এমপি পদপ্রার্থীদের প্রধান তালিকার নেতৃত্বে রয়েছেন সাবেক পার্লামেন্ট স্পিকার গোলাম আলী হাদাদ আদেল। তাঁর এক মেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ছেলের স্ত্রী।
প্রথমবারের মতো একই দিনে ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন হচ্ছে। ধর্মীয় নেতাদের প্রভাবশালী এই কমিটিই দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করবে।
পার্লামেন্টের ২৯০ আসনের বিপরীতে প্রার্থী হয়েছেন মোট ৪ হাজার ৮৪৪ জন। এর বাইরে ১ হাজার ৩৮৫ জন মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে বিশেষজ্ঞ পরিষদের ৮৮ আসনের বিপরীতে ১৫৯ জন প্রার্থী হয়েছেন।
হাসান রুহানি ২০১৩ সালে ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বিভিন্ন সংস্কার প্রচেষ্টা চালিয়ে আসছেন। পূর্বসূরি রক্ষণশীল প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে ইরান আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমনটা একঘরে অবস্থায় ছিল, তা থেকে দেশকে বের করার পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদে এখনো রক্ষণশীলদের আধিপত্য থাকায় তাঁর অনেক প্রচেষ্টা হোঁচট খেয়েছে। ফলে আজকের নির্বাচনকে রুহানির জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।