ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে গতকাল রোববার রাতে ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে। ছবি: এএফপি
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে গতকাল রোববার রাতে ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে। ছবি: এএফপি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে গতকাল রোববার রাতে ১০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। এ নিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।

বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল গভীর রাতেও ইরানে বিক্ষোভ থামেনি। তেহরান, কেরমানশাহ ও খোরামাবাদে বিক্ষোভের খবর পাওয়া গেছে। পুলিশ বিক্ষোভকারীদের দমন করতে কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

অন্যদিকে আজ সোমবার দেওয়া এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিক্ষোভ ও সমালোচনা একটি সুযোগ, কোনো হুমকি নয়। তিনি আরও বলেছেন, অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় দেশের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এর আগে গতকাল রুহানি বলেছিলেন, নাগরিকদের বিক্ষোভ করার অধিকার আছে, কিন্তু সহিংস আচরণ করা যাবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের সঙ্গে কথার লড়াই চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘ইরানের মানুষ অনেক দিন ধরে নিপীড়নের শিকার হচ্ছেন। তাঁরা খাদ্য ও স্বাধীনতার জন্য ক্ষুধার্ত হয়ে আছেন।’

বিক্ষোভের মুখে গত শনিবার রাতে ইরানে কিছুক্ষণের জন্য মোবাইল ফোনে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। গতকাল থেকে মোবাইল ফোনে ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। ইরানি কর্তৃপক্ষ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে অ্যাকাউন্টগুলো থেকে বিক্ষোভের জন্য উসকে দেওয়া হচ্ছে, সেগুলোর অধিকাংশই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং ইউরোপের বিভিন্ন এলাকা থেকে পোস্ট করা হচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দেশটিতে চলমান অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসছে ইরান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে প্রথম বিক্ষোভের সূচনা হয়। এরপর রাজধানী তেহরান, কেরমানশাহসহ বিভিন্ন শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর লক্ষ্য ক্ষমতাসীন ধর্মীয় নেতারা। বিক্ষোভকারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানির পদচ্যুতির দাবি তুলেছেন।